সরঞ্জাম ও মোড়ক খাতে সহায়তা দেওয়ার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক খাতের সরঞ্জাম, প্রযুক্তি ও মোড়কজাত পণ্যসামগ্রী নিয়ে চার দিনব্যাপী ‘প্যাক্সেপো-২০১২’ আন্তর্জাতিক মেলা আজ রোববার শেষ হচ্ছে। এদিকে গত দুই দিনে মেলা প্রাঙ্গণে এ খাতের ওপর দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সরকারের দুজন মন্ত্রী তৈরি পোশাকের সরঞ্জাম ও মোড়ক খাতের বিকাশে সহায়তা দেওয়ার আশ্বাস দেন। বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) মেলাটির আয়োজন করেছে। প্যাক্সেপোর পাশাপাশি আরও দুটি মেলা শুরু চলছে। ১১তম ‘গার্মেন্টেক’ এবং তৃতীয় ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ার শো’ মেলা দুটির যৌথ আয়োজক জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল এবং এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা তিনটি গত বৃহস্পতিবার শুরু হয়। মেলার তৃতীয় দিন গতকাল শনিবার সকালে ‘মোড়ক পণ্য’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্যাকেজিং পরিচালক এন সি সাহা। সভাপতিত্ব করেন বিজিএপিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরী। সেমিনারে মোস্তাফিজুর রহমান বলেন, ‘তৈরি পোশাক রপ্তানিতে বিশেষ অবদান রাখছে প্যাকেজিং শিল্প। আগে প্যাকেজিং পণ্য আমদানি করতে হতো। বর্তমানে দেশেই উৎপাদিত হচ্ছে। এর ফলে লিড টাইম কমে গেছে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে।’ তিনি শিল্পটির বিকাশে সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘সরকারের বিঘোষিত নীতি হচ্ছে দেশকে শিল্পায়ন করা। রপ্তানিমুখী অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের মতো সরঞ্জাম ও মোড়কপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নগদ সহায়তা পাওয়ার যোগ্যতা রাখে। কারণ শিল্পনীতিতে বৈষম্য রাখা হয়নি।’ মন্ত্রী দেশে একটি প্যাকেজিং ইনস্টিটিউট করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। এদিকে গত শুক্রবার পোশাক খাতের সরঞ্জাম নিয়ে আরেকটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। বিজিএপিএমইএ সভাপতি রাফেজ আলম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মকবুল আহমেদ খান। সেমিনারে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেন, পোশাকশিল্পের প্রসারের জন্য সরকার দেশে ‘গার্মেন্টস পল্লি’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।বাণিজ্যমন্ত্রী আরও বলেন, গার্মেন্টস এক্সেসরিজ এবং প্যাকেজিং পণ্য বিদেশ থেকে আমদানি না করে দেশে উৎপাদন করায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং দেশে কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। দেশের চাহিদা পূরণ করে এসব পণ্য বিদেশে রপ্তানি করতে হবে। মন্ত্রী আরও বলেন, গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য খাত থেকে বছরে প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এ পরিমাণ আরও বাড়াতে হবে।