সরবরাহ না বাড়লেও কমেছে সবজির দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সবজির অন্যতম পাইকারি মোকাম বগুড়ার মহাস্থান হাটে কৃষকের সঙ্গে দরদাম করছেন ব্যাপারীরা। ছবিটি গত বুধবার তোলা l প্রথম আলো
দেশের সবজির অন্যতম পাইকারি মোকাম বগুড়ার মহাস্থান হাটে কৃষকের সঙ্গে দরদাম করছেন ব্যাপারীরা। ছবিটি গত বুধবার তোলা l প্রথম আলো

সবজির পাইকারি মোকাম বগুড়ার মহাস্থান হাটে গতকাল বৃহস্পতিবার প্রতি কেজি করলা কেনাবেচা হয়েছে ২৫ টাকা দরে। এক সপ্তাহ আগে একই হাটে করলার দাম ছিল ৪০ থেকে ৪২ টাকা। অন্যদিকে গত সপ্তাহে প্রতি কেজি কাঁচামরিচ ১২০ ও শসা ৩৫ টাকা কেজি দরে কেনাবেচা হয়েছে। এখন কাঁচামরিচের দাম কেজিতে ৪০ টাকা কমে গতকাল ৮০ টাকায় বিক্রি হয়েছে। আর শসার দাম কমেছে কেজিতে ৫ টাকা।

এভাবে সপ্তাহের ব্যবধানে মহাস্থান হাটে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। তবে দাম কমলেও হাটে বাড়েনি শীতকালীন সবজির সরবরাহ। এ কারণে পাইকারিতে দাম কমলেও এর সুফল পাচ্ছেন না ক্রেতারা।

মহাস্থান কাঁচা ও পাকা মাল আড়ত ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, পাইকারিতে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে, কিন্তু বাড়ছে না সবজির সরবরাহ। অন্য বছরের সেপ্টেম্বরেই বাজারে প্রচুর শীতকালীন সবজি পাওয়া যেত, কিন্তু এবার অক্টোবরের শেষেও শীতকালীন সবজির খুব একটা দেখা মিলছে না। অন্য বছরের এই সময়টায় মহাস্থান হাটের আড়ত থেকে গড়ে প্রতিদিন ১০০ ট্রাক সবজি যেত ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, সিলেটসহ দেশের নানা প্রান্তে। কিন্তু সরবরাহ ঘাটতির কারণে এখন সেখানে দিনে সর্বোচ্চ ১০ ট্রাক সবজি দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

মহাস্থান হাটের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবজির উৎপাদন এলাকা হিসেবে খ্যাত বগুড়ার মহাস্থান হাটে বর্তমানে করলা, বেগুন, শসা, কাঁচামরিচ, মুলা, ছাঁচিলাউ, পটোল, ঝিঙে, কাঁকরোলসহ হরেক পদের সবজি কেনাবেচা হচ্ছে। তবে সরবরাহ কম হওয়ায় এখনো দাম বেশ চড়া। যদিও গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে।

সবজির দরদাম

মহাস্থান পাইকারি হাটে গত সপ্তাহের ১২০ টাকা কেজির কাঁচামরিচ এ সপ্তাহে ৮০ টাকায় নেমেছে। তবে বগুড়া শহরের ফতেহ আলী খুচরা বাজারে এখনো প্রতি কেজি কাঁচামরিচ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

 মহাস্থান পাইকারি হাটে গত সপ্তাহের ৮০ টাকা কেজির ছোট আকারের ফুলকপি ও বাঁধাকপি গতকাল বৃহস্পতিবার ৬৫ টাকা কেজিতে নেমেছে। বগুড়ার ফতেহ আলী বাজারে গতকাল ফুলকপি ও বাঁধাকপি ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়। মহাস্থান হাটে গত সপ্তাহের ১২০ টাকা কেজি দামের শিম গতকাল ১০০ টাকায় বিক্রি হয়েছে। তবে বগুড়া শহরের ফতেহ আলী বাজারে সেই শিম ১৬০ টাকায় বিক্রি হয়।

 মহাস্থান হাটে গতকাল প্রতি কেজি দেশি বেগুন ৩৫ এবং গোল বেগুন ৪০ টাকা কেজি দামে বিক্রি হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৫ টাকা কম। তবে বগুড়া শহরের ফতেহ আলী বাজারে তা ৭০ ও ৮০ টাকা কেজি দামে বিক্রি হয়।

মহাস্থান হাটে এক সপ্তাহ আগে প্রতি কেজি হাইব্রিড করলার দাম ছিল ৪০ টাকা। কেজিতে ১৫ টাকা কমে গতকাল একই হাটে সেই করলা ২৫ টাকা দরে বিক্রি হয়েছে। তবে বগুড়ার ফতেহ আলীতে এখনো প্রতি কেজি করলা ক্রেতাদের কিনতে হচ্ছে ৬০ টাকায়।

মহাস্থান হাটে গত সপ্তাহে প্রতি কেজি কাঁকরোল বিক্রি হয় ৬০ টাকায়, গতকাল তা ৫০ টাকায় নেমেছে। তবে ফতেহ আলী বাজারে প্রতি কেজি কাঁকরোলের দাম ছিল ৭০ টাকা।

মহাস্থান হাটে গতকাল প্রতি কেজি পেঁপে ও কচুমুখি ৮ টাকা ৭৫ পয়সা এবং বরবটি ৪৪ টাকায় বিক্রি হয়। এক সপ্তাহ আগে একই হাটে পেঁপে ৭, কচুমুখি ৬ এবং বরবটি ৪০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল। গত সপ্তাহের ৩০ টাকার প্রতিটি ছাঁচিলাউ গতকাল ৩৫ টাকায় বিক্রি হয়েছে। তবে বগুড়ার ফতেহ আলী বাজারে প্রতি কেজি পেঁপে ও কচুমুখি ২৪, বরবটি ৬০ এবং ছাঁচিলাউ প্রতিটি ৫০ টাকায় বিক্রি হয়েছে।