সরবরাহ বাড়ানোর ঘোষণাতেও বাড়ল তেলের দাম
সৌদি আরব সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ার পরিস্থিতিতে সৌদি আরব গত মঙ্গলবার প্রয়োজনে তেল উৎপাদন ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়।সৌদি আরবের এই ঘোষণার পর অবশ্য আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ২ শতাংশ পড়েছে। কিন্তু এক দিন পরই গতকাল বুধবার যুক্তরাজ্যভিত্তিক ব্রেন্ট সূচকে তেলের দাম ৩১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১২৪ দশমিক ৪৩ ডলারে উঠে যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক লাইট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৭৯ সেন্ট বেড়ে ১০৬ দশমিক ৫৭ ডলারে উন্নীত হয়। খবর বিবিসির।সাম্প্রতিককালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন তেল রপ্তানিকারক দেশে রাজনৈতিক অস্থিরতা চলতে থাকায় এবং ইরানের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর করে তোলায় বিশ্ববাজারে তেলের দাম ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। চলতি বছরে এই পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১৫ শতাংশ বেড়েছে।সৌদি আরব হচ্ছে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। দেশটি বর্তমানে দৈনিক ৯৯ লাখ ব্যারেল তেল উত্তোলন করে। প্রয়োজনে এই পরিমাণ এক কোটি ২৫ লাখ ব্যারেলে উন্নীত করা হবে।