
ঈদের ছুটির পর রাজধানীর বাজারে পণ্যের সরবরাহ বেড়েছে। ফলে ঈদে বাড়তি চাহিদা ও ছুটির মধ্যে সরবরাহ কমে যাওয়ায় যেসব পণ্যের দাম বেড়েছিল, তা আবার কমেছে। তবে এখনো বাড়তি চিনির দাম।
বাজারে নতুন করে সবজির দর কিছুটা বেড়েছে। তবে বেশির ভাগ সবজির দর এখনো কেজিপ্রতি ৪০ টাকার আশপাশে আছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টিপাত চলতে থাকলে সবজির দাম আরও বাড়তে পারে।
ঈদের পরে বাজারে সবচেয়ে বেশি কমেছে ব্রয়লার মুরগির দাম। ঈদের আগে কারওয়ান বাজারে যে মুরগি ১৮৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা গতকাল শনিবার ১৪৫ টাকা চেয়েছেন বিক্রেতারা। ঢাকার মিরপুর এলাকা ও হাতিরপুল বাজারে ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৬৫ টাকা দরে বিক্রি করতে দেখা যায়।
ব্রয়লার মুরগির মতো গরুর মাংসের দামও কমেছে। কেজিতে ২০ টাকা কমে গরুর মাংস বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৩০ টাকা দরে।
রাজধানীর কাজীপাড়া বাজারের মুরগি বিক্রেতা মাহাবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ঈদের সময় মুরগির চাহিদা বেশি ছিল। এখন তা নেই। তাই দাম কমেছে। ওই বিক্রেতা জানান, পাকিস্তানি নামে পরিচিত সোনালিকা জাতের মাঝারি আকারের মুরগি প্রতিটি ২০০ টাকা চাইছেন তাঁরা, যা ঈদের আগে ২২০ থেকে ২৩০ টাকা ছিল।
ঈদের আগে তরল দুধের দাম লিটারপ্রতি ৭৫ টাকায় উঠেছিল। ঈদের পরের কয়েক দিন কোনো কোনো দোকানে তা ৮০ থেকে ৯০ টাকাও চেয়েছিলেন বিক্রেতারা। তবে এখন বাজারে নির্ধারিত দর ৬২ টাকায় বিক্রি করতে দেখা গেছে বিক্রেতাদের।
টমেটোর দাম ঈদের আগে কেজিপ্রতি ১৬০ থেকে ২০০ টাকায় উঠেছিল। কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি টমেটো ১০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। টমেটোর দাম কমলেও কিছু কিছু সবজির দাম বেড়েছে। কারওয়ান বাজারে প্রতি কেজি ঢ্যাঁড়স, করলা, চিচিঙ্গা, বরবটি, কচুর লতি, কচুমুখী, বেগুনসহ কিছু সবজি মানভেদে ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।
অন্যদিকে, কুমড়া প্রতিটি ২৫ থেকে ৩৫ টাকা ও জালি কুমড়া প্রতিটি আকারভেদে ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, রমজান মাসের তুলনায় এখন সবজির দাম কিছুটা বেশি। কারণ, এখন চাহিদা বেশি। বৃষ্টিপাত চলতে থাকলে সবজির দাম আরও বাড়তে পারে।
মাছবাজারে দোকানগুলো খুলেছে। তবে দাম কমেনি। খামারে চাষ করা কই, পাঙাশ ও তেলাপিয়া মাছের দাম আগের মতোই আছে। প্রতি কেজি কই ১৮০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১২০ থেকে ১৫০ টাকা ও তেলাপিয়া ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
বাজারে টেংরা, বেলে, পাবদা ও নদীর চিংড়ির সরবরাহ বেশ ভালো। তবে দাম কেজিপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা। আকারভেদে জীবিত রুই-কাতলা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা দরে। বিক্রেতারা বলছেন, ইলিশের সরবরাহ বাড়ার আগ পর্যন্ত মাছের দাম কমবে না।
ঈদের পরে চিনির চড়ে যাওয়া দাম এখনো কমেনি। কারওয়ান বাজারে এখন প্রতি কেজি চিনির দর দোকানভেদে ৭২ থেকে ৭৪ টাকা। অন্যান্য বাজার ও গলির মুদি দোকানে ৭৫ থেকে ৭৬ টাকা দরে চিনি বিক্রি হচ্ছে।
বাজারের কিচেন মার্কেটের মুদি দোকানি লিটন হোসেন প্রথম আলোকে বলেন, পাইকারের কাছ থেকে এক বস্তা (৫০ কেজি) চিনি কিনেছেন ৩ হাজার ৫০০ টাকা দরে। এতে কেজি পড়েছে ৭০ টাকা। ঘাটতি ও শ্রমিকের মজুরি যোগ করলে এক কেজি চিনি কেনার খরচই পড়ছে ৭২ টাকা। ঈদের পরে প্রতি বস্তার দামই বেড়েছে প্রায় ১০০ টাকা।