সরবরাহ বিঘ্নিত মূল্যস্ফীতি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিরতার কারণে সরবরাহব্যবস্থা বিঘ্নিত হওয়ায় গত নভেম্বর মাসে চাল, ডাল, আটা, মাছ-মাংস, শাকসবজি, দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।
এ কারণে মাসওয়ারি ভিত্তিতে চলতি ২০১৩-১৪ অর্থবছরের নভেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ১৫ শতাংশে উন্নীত হয়েছে। এটি আগের মাস অক্টোবরের ৭ দশমিক ০৩ শতাংশের চেয়ে শূন্য দশমিক ১২ শতাংশ বেশি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নভেম্বর মাসের হালনাগাদ মূল্যস্ফীতির পরিস্থিতি প্রকাশ করেছে। ঢাকায় আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বিবিএসের মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল, উপমহাপরিচালক মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হরতাল, অবরোধসহ রাজনৈতিক কর্মসূচির কারণে পণ্যের দাম বেড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে গোলাম মোস্তফা কামাল বলেন, এটাই স্বাভাবিক। তবে এসব পণ্যের মূল্যবৃদ্ধির কারণে নিকট ভবিষ্যতে ব্যাপকভাবে মূল্যস্ফীতি হওয়ার আশঙ্কা নেই। কেননা মূল্যস্ফীতি হঠাৎ করে অনেক বাড়ে না, এটা পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বাড়ে।
এই প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, রাজনৈতিক কর্মসূচিতে সরবরাহ-চাহিদাব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। একদিকে শহরে পণ্য পৌঁছাতে না পেরে গ্রামে খামারিরা দুধ ফেলে দিচ্ছেন, অন্যদিকে শহরে বাড়তি মূল্যেও দুধ পাওয়া যাচ্ছে না।
বিবিএস বলছে, নভেম্বর মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। এর মধ্যে মূলত চাল, ডাল, আটা, মাছ, শাকসবজি, মসলা, দুধ ও তামাকজাতীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে খাদ্যসামগ্রী উপখাতে মূল্যস্ফীতি শূন্য দশমিক ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে এ মাসে খাদ্যসূচকে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ, যা অক্টোবরে ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। আর একই সময়ে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ২৬ শতাংশ।