সরবরাহ ভালো, দাম নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজা আসতে এখনো প্রায় এক মাস বাকি। ব্যবসায়ীরাও রোজায় বিক্রির জন্য পর্যাপ্ত পণ্য আমদানি করেছেন। ডাল ছাড়া আন্তর্জাতিক বাজারেও পণ্যের দাম অনেকটাই স্থিতিশীল। এরপরও দাম নিয়ে শঙ্কা কাটছে না।
রোজার পণ্য বিক্রি শুরু হয় শবে বরাতের আগে-পরে। কিন্তু চট্টগ্রামের পাইকারি বাজারে দুই সপ্তাহের ব্যবধানে এক দফা দাম বেড়ে কমেছেও। আবার ডালজাতীয় পণ্যের দাম বাড়ছেই। এখনই দাম ওঠা-নামার কারণে চাহিদার সময় রোজার পণ্যের দাম স্থিতিশীল থাকবে কি না, এ নিয়ে সংশয় রয়েছে। অবশ্য আন্তর্জাতিক বাজারের কারণে গত বছরের তুলনায় চিনি, ভোজ্যতেলসহ কয়েকটি পণ্যের দাম এবার তুলনামূলক কম রয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, এ বছর বিশ্ববাজারে বেশির ভাগ পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল। চাহিদার তুলনায় দেশে আমদানিও পর্যাপ্ত হয়েছে। ফলে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই। এ কারণে পণ্য আনা-নেওয়ার সময় চাঁদাবাজি বন্ধসহ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নজরদারি বাড়াতে হবে। গত বছরের চেয়ে পণ্যের দাম কম আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করছি, এবার পণ্যের দাম বাড়বে না।’
কাস্টমস সূত্রে জানা গেছে, গত অর্থবছর প্রায় ২৮ হাজার কোটি টাকা মূল্যের ৬৪ লাখ টন ভোগ্যপণ্য আমদানি হয়। ভোগ্যপণ্যের এই বিশাল বাজার চাঙা হয় রোজাকে ঘিরে। হিসাব অনুযায়ী, ছোলা, মটর, মসুর, চিনি, ভোজ্যতেল, খেজুর—এ কয়েকটি পণ্যের রোজার সময়ের আমদানিমূল্যের বাজার দাঁড়ায় প্রায় চার থেকে ছয় হাজার কোটি টাকা। এ পণ্য কয়েক দফা হাতবদল হয়ে লেনদেনের পরিমাণ দাঁড়ায় আমদানিমূল্যের তিন থেকে চার গুণ। ব্যবসায়ীরাও এ মৌসুমকে সামনে রেখে ব্যবসা করার প্রস্তুতি নেন।
রোজায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ছোলা। গত অর্থবছর ছোলা আমদানি হয় প্রায় আড়াই লাখ টন। এবার গত মার্চ ও এপ্রিল মাসে বন্দর দিয়ে আমদানি হয় ১ লাখ ৬ হাজার টন। গত এক মাসে ছোলার দর একদফা বেড়ে আবার কমেছে। পাইকারি বাজারে এখন কেজিপ্রতি হিসেবে ছোলার দাম ৫১-৫৬ টাকা। খুচরা বাজারে এ ছোলা ৫৮ থেকে ৬৩ টাকায় বিক্রি হচ্ছে।
ছোলার মতো মটর ও মসুর ডালের চাহিদাও বাড়ে রোজায়। রোজায় মটর ডালের আমদানি বেড়েছে শেষ মুহূর্তে। বন্দরে দুই জাহাজ থেকে এ মাসে খালাস হয়েছে প্রায় ৫০ হাজার টন মটর ডাল। পাইকারি বাজারে খোসাসহ মটর ৩১-৩২ টাকা এবং খোসা ছাড়া মটর ডাল ৩৪-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এ পণ্যটির দাম পাইকারি বাজারে একদফা বেড়ে আবার কমেছে।
তবে মসুর ডালের দাম বাড়ছেই। এ পণ্যটি গত দুই মাসে আমদানি হয় প্রায় ৩৮ হাজার টন। আমদানির পাশাপাশি দেশীয় মসুর ডালেও চাহিদা মেটানো হয়। দেশীয় ও আমদানি করা মসুর ডালের দাম কয়েক দফা বেড়েছে। গতকাল খাতুনগঞ্জে কানাডা থেকে আমদানি হওয়া সাধারণ মানের মসুর ডাল বিক্রি হয় ৮৭-৯২ টাকা। খুচরায় বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা। সরাসরি প্রক্রিয়াজাত করে আমদানি করা মসুর ডাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০২-১০৫ টাকা। আন্তর্জাতিক বাজারে মসুর ডালের দাম বাড়ার প্রভাবে স্থানীয় বাজারে দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানান।
চিনি ও ভোজ্যতেলের দাম এবার গতবারের তুলনায় কম। গত দুই মাসে পরিশোধন কারখানাগুলো শুল্ক-কর পরিশোধ করে চিনি ছাড় করেছে পৌনে দুই লাখ টন। বন্দরে এখন তিন জাহাজ থেকে চিনি খালাস হচ্ছে ১ লাখ ৬৮ হাজার টন। পাইকারি বাজারে চিনি বিক্রি হচ্ছে ৩৫ টাকার নিচে নেমেছে। খুচরায় এ দর কেজিপ্রতি ৪০ টাকা। গত বছর এ সময় কেজিপ্রতি ৪৫ টাকায় চিনি বিক্রি হয়েছিল।
একইভাবে গত দুই মাসে ভোজ্যতেল আমদানি হয়েছে সোয়া তিন লাখ টন। এর মধ্যে সয়াবিন ৬৫ হাজার টন। বাকিগুলো পামতেল। ২০১৪ সালের মার্চ-এপ্রিলে ভোজ্যতেল আমদানি হয়েছিল ২ লাখ ৪৬ হাজার টন। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বিগত চার বছরের তুলনায় এখন সবচেয়ে স্থিতিশীল। খোলা সয়াবিন তেল পাইকারিতে কেজিপ্রতি ৮১-৮২ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮৫-৮৮ টাকা। গত বছর ৯৭-১০০ টাকায় বিক্রি হয়েছিল এ পণ্যটি।
রিয়াজউদ্দিন বাজারের খুচরা ব্যবসায়ী আহমেদ কবির বলেন, শবে বরাতের আগে-পরে থেকে মূলত পণ্যের বেচাকেনা বাড়ে। তখন বাজার একটু অস্থিতিশীল হয়। এবার অনেক আগেই ডালজাতীয় পণ্যের কেজিপ্রতি দুই থেকে পাঁচ টাকা দাম বেড়ে গেছে। তবে চিনি, ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।