সরবরাহ-সংকটে বেড়ে গেছে পেঁয়াজের দাম
নতুন ফলন ওঠায় গত ডিসেম্বরে দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ৬০ থেকে ৩০ টাকায় নেমে আসে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ২৪ থেকে ২৬ টাকা কেজি দরে।কিন্তু জানুয়ারি মাসে পেঁয়াজের দাম আবারও বেড়েছে। বেশি বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম। দাম বাড়ার প্রবণতায় এ পেঁয়াজ গতকাল খুচরা বাজারে বিক্রি হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকায়। পাড়া-মহল্লায় এর কেজি ৫০ টাকা ছাড়িয়েছে। এক সপ্তাহ আগেও এই পেঁয়াজের কেজি বিক্রি হয় ৩৮ টাকায়। এভাবে পাল্লা দিয়ে বেড়েছে দেশি পেঁয়াজের দামও। এক সপ্তাহের ব্যবধানে এ পেঁয়াজের কেজি ৩০ টাকা থেকে বেড়ে ৩৫ থেকে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে।সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক মাসে দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের দাম ৪৩ শতাংশ বেড়েছে।শ্যামবাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের নতুন যে ফলনটা (মুড়িকাটা) উঠেছিল, তার মজুত ফুরিয়ে এসেছে। অন্যদিকে পেঁয়াজ আমদানিকারক ও ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ বছর ভারতে পেঁয়াজের উৎপাদন কম হয়েছে। এ অবস্থায় ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়াও কয়েক দিন ধরে বন্ধ রয়েছে। সব মিলিয়ে পেঁয়াজের একধরনের সরবরাহ-সংকট তৈরি হয়েছে। আর এ কারণেই দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে।পেঁয়াজের বড় পাইকারি বাজার শ্যামবাজারে খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সেখানে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ মানভেদে বিক্রি হয়েছে ৩৭ থেকে ৪২ টাকায়। আর দেশি পেঁয়াজের কেজি ২২ থেকে ৩০ টাকায়। ১০ দিন আগেও ভারতীয় পেঁয়াজের পাইকারি দর ছিল ৩৩ থেকে ৩৫ টাকা। আর দেশি পেঁয়াজ বিক্রি হয় ১৮ থেকে ২২ টাকা কেজি দরে। অবশ্য দুই দিন আগে শ্যামবাজারে ভারতীয় পেঁয়াজের কেজি ছিল ৪২ থেকে ৪৪ টাকা আর দেশি পেঁয়াজ ৩২ থেকে ৩৩ টাকা।পেঁয়াজের বড় পাইকার ও আমদানিকারক পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, পেঁয়াজ লাগানোর সময় টানা কয়েক দিন বৃষ্টি হওয়ায় অনেক চারাই নষ্ট হয়ে যায়। অনেক চাষি পরে নতুন করে পেঁয়াজ রোপণ করেন, অনেকে করেননি। আবার গত বছর ভালো দাম না পেয়ে অনেক চাষিই এবার পেঁয়াজ আবাদ করাই বাদ দিয়েছেন। এসব কারণে এবার পেঁয়াজের উৎপাদন কম হয়েছে।এদিকে দেশের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে গতকাল ভারতের উন্নতজাতের নাসিক পেঁয়াজ ৪১ থেকে ৪২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে সরবরাহ বাড়ায় দেশি পেঁয়াজের দাম কমতির দিকে। এ পেঁয়াজ বিক্রি হয়েছে ৩১ থেকে ৩২ টাকা কেজি। তবে আকারে ছোট বলে এর চাহিদা কম। খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ ৪৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা দিয়ে সব ধরনের পেঁয়াজ, মাছ ও ফলমূল সরবরাহ গত ১৯ জানুয়ারি থেকে বন্ধ রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা-কর্মীদের বাধার কারণে এসব পণ্য এ দেশে ঢুকতে পারছে না।খাতুনগঞ্জের সততা বাণিজ্যালয়ের মালিক রতন রায় বলেন, ভোমরা সীমান্ত দিয়ে দুই সপ্তাহ ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। বেনাপোল ও অন্য সীমান্ত দিয়ে ভারত থেকে সীমিত পরিমাণে সুখসাগর জাতের পেঁয়াজ আসছে। এতে সরবরাহ কিছুটা বেড়েছে। তবে উন্নতমানের নয় বলে এ পেঁয়াজের চাহিদা কম।এদিকে দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজের ক্রেতাও কমে গেছে। চট্টগ্রামের পাইকারেরা বলছেন, আগে এ বাজারে প্রতিদিন গড়ে ২৫০ টন পেঁয়াজ বিক্রি হলেও এখন গড়ে ৫০-৬০ টনের বেশি বিক্রি হচ্ছে না।ভারতেও কম উৎপাদন: ভারতীয় পেঁয়াজের উৎপাদনও এবার কম হয়েছে। সেখানেও দায়ী বৃষ্টি। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উৎপাদন মৌসুমে ভারতের সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদনকারী প্রদেশ মহারাষ্ট্রে অনেক কম বৃষ্টি হয়েছে। ফলে এ বছর পেঁয়াজের ফলন গত মৌসুমের চেয়ে কম হয়েছে। সে কারণে দেশটিতেই চলছে পেঁয়াজের সংকট।এশিয়ার সবচেয়ে বড় পেঁয়াজের পাইকারি বাজার হিসেবে ধরা হয় ভারতের নাসিকের লাসালগাঁওকে। শুক্রবার সেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ২২ রুপিতে। এক মাস আগে এর দর ছিল ১৪ রুপি। ঠিক এক বছর আগে সেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় চার রুপিতে।ইকোনমিক টাইমস গতকাল এক প্রতিবেদনে বলেছে, ভারতে এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৫৭ শতাংশ।