সরাসরি ভোটে নেতা নির্বাচন চান সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরাসরি ভোটে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতৃত্ব নির্বাচনের দাবি করেছেন সংগঠনটির সাধারণ পরিষদের সদস্যরা।
একই সঙ্গে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর গ্রেপ্তারের ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ সদস্যরা।
রাজধানীর অফিসার্স ক্লাবে গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এফবিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব দাবি তুলে ধরেছেন সদস্যরা।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহ্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের দুই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, হেলাল উদ্দিনসহ পরিচালকেরা এবং সাধারণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় বেশির ভাগ সময় একাধিক সাবেক সভাপতি উপস্থিত থাকলেও গতকালের সভায় কেবল আকরাম হোসেনই উপস্থিত ছিলেন। এর বাইরে সাবেক সহসভাপতি আবুল কাসেম আহমেদ, মোহাম্মদ আলী, জসিম উদ্দিন, দেওয়ান সুলতান আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সার্বিক অর্থনীতির অবস্থা তুলে ধরেন।
সভায় ঢাকা চেম্বারের সাবেক পরিচালক শেকিল চৌধুরী এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর গ্রেপ্তারের নিন্দা এবং তাঁর মুক্তির জন্য এফবিসিসিআইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আজ মিন্টু ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, কাল কাজী আকরামকে করা হতে পারে। কিন্তু আমাদের দাবি সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো ব্যবসায়ীকে গ্রেপ্তার করা যাবে না।’
জবাবে কাজী আকরাম উদ্দিন বলেন, ‘আবদুল আউয়াল মিন্টুর গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, তাঁর মুক্তির দাবি জানিয়েছি। শুধু আমি নই, মিন্টু সাহেবের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে যাওয়া গওহর রিজভীও (প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা) তাঁর মুক্তির জন্য চেষ্টা করছেন। আশা করছি, শিগগিরই তিনি মুক্তি পাবেন।’
প্রথম আলোয় গত বৃহস্পতিবার ‘সরকারের ব্যবসায়ী শাখা এফবিসিসিআই!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটির প্রসঙ্গ আনেন সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি বলেন, ‘আমরা সরাসরি ভোটে নির্বাচিত নেতৃত্ব চাই এফবিসিসিআইয়ে।’
জবাবে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘আমরাও চাই সরাসরি ভোট। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাবও জমা দেওয়া হয়েছে।’
জনশক্তি রপ্তানিকারক সমিতির এক নেতা বলেন, ‘জনশক্তির ব্যবসায় বর্তমান মন্ত্রী আমাদের সহযোগিতা করছেন না, বরং উনি আমাদের কাজে বাধা সৃষ্টি করছেন।’ জবাবে কাজী আকরাম বলেন, ‘বায়রার সদস্যরাও খুব ভালো না। এ নিয়ে এখানে কথা বলতে চাই না। তার পরও সমস্যার সমাধানে এফবিসিসিআই সহযোগিতা করছে।’
রাজনৈতিক সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে চেম্বার ভবন ভাঙচুর হচ্ছে বলে মন্তব্য করেছেন একাধিক সদস্য। এ বিষয়ে এফবিসিসিআই সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
কোনো কোনো সদস্য এফবিসিসিআইয়ে চেম্বার গ্রুপের ভোটার সংখ্যা বাড়ানোর দাবি জানান।
সভায় এফবিসিসিআইয়ের বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।