সরাসরি ভোটের প্রতিশ্রুতি গণতান্ত্রিক পরিষদের
সরাসরি ভোটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি ও সহসভাপতি নির্বাচনের অধিকার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক পরিষদ।রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের সমর্থক সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক। এতে জানানো হয়, এফবিসিসিআইয়ের ২০১২-১৪ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ৩০টি পদের বিপরীতে লড়বেন গণতান্ত্রিক পরিষদের প্রার্থীরা। এ জন্য প্যানেলের ৩৩ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাঁদের মধ্য থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন তিনজন প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করবেন। আগামী ২৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।আনিসুল হক বলেন, এফবিসিসিআইকে শক্তিশালী ও কার্যকরী করতে হলে গণতান্ত্রিকব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। এ জন্য সরাসরি ভোটে সভাপতি ও সহসভাপতি নির্বাচনের পদ্ধতি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এটি সাধারণ ব্যবসায়ীদের দাবি। তিনি বলেন, পরিচালক পদে গণতান্ত্রিক পরিষদের প্রার্থীরা জয়ী হলে সরাসরি নির্বাচনব্যবস্থা ফিরিয়ে আনতে কাজ করবেন। নির্বাচনের দেড় বছরের মধ্যে এটি বাস্তবায়নে ব্যর্থ হলে তাঁরা সংগঠনের সদস্য পদ থেকে অব্যাহতি নেবেন।সাবেক এই সভাপতি বলেন, এফবিসিসিআইতে অনেক বড় বড় স্টার (তারকা) এসেছেন। কিন্তু সমস্যা নিয়ে দুই লাইন কথা বলতে চান না। তাঁরা কেবল পরিচালক হতে চান। তাই এবার ব্যবসায়ীরা কী চান—সেটি জরিপ করে নতুন ও পুরোনোদের সমন্বয়ে প্যানেল নির্বাচন করা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান সমন্বয়ক মোস্তফা জব্বার, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি আবু আলম চৌধুরী, দেওয়ান সুলতান আহমেদ, কামাল উদ্দিন প্রমুখ।পরিষদের প্যানেল: গণতান্ত্রিক পরিষদের অ্যাসোসিয়েশন গ্রুপের প্যানেল লিডার আবু আলম চৌধুরী। অন্যরা হলেন: ওবায়দুর রহমান, শোয়েব চৌধুরী, মোহাম্মদ জালাল উদ্দিন, মো. মুনতাকিম আশরাফ, সাফকাত হায়দার, এস এ কাদের কিরণ, মো. জামাল উদ্দিন, আনোয়ার হোসেন, মো. নিজাম উদ্দিন, সারোয়ার ওয়াদুদ চৌধুরী, আক্কাস মাহমুদ, মিজানুর রহমান, মো. আবদুল হক ও রাব্বানী জব্বার। আর চেম্বার গ্রুপের প্যানেল লিডার হচ্ছেন দেওয়ান সুলতান মাহমুদ। অন্যরা হলেন: হাসেন আলী, আমিনুল বারী, কহিনূর ইসলাম, শাহজাদা আনোয়ারুল কাদির, মো. হাসানুজ্জামান, সৈয়দ আবদুর রউফ মুক্তা, মো. মাসুদ, মাহবুবুর রহমান খান, মাসুদ পারভেজ খান, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান, মো. নিজাম উদ্দিন, তানজিল আহমেদ, গোলাম মোস্তফা তালুকদার, আনোয়ার সাদাত সরকার, ইকবাল কায়সার, মীর নাসির উদ্দিন ও ইখতেহার খান। এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদে নির্বাচিত পরিচালকের সংখ্যা ৩০ জন। এর মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সমানসংখ্যক প্রতিনিধি নির্বাচিত হন অর্থাৎ উভয় গ্রুপ থেকে ১৫ জন করে প্রতিনিধি নির্বাচিত হন। আর সরকার মনোনীত পরিচালক ১৮ জন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ নভেম্বর পরিচালক পদের নির্বাচন। ২৬ নভেম্বর সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন পরিচালকেরা। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হবে ২৯ নভেম্বর।