সরাসরি সার সরবরাহের দাবি খুচরা বিক্রেতাদের
চাহিদামতো সরাসরি সার সরবরাহ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন খুচরা সার বিক্রেতারা। জাতীয় প্রেসক্লাবে গত রোববার বাংলাদেশ খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলনে তাঁরা এ দাবি জানান।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ শাহ জিকরুল আহমেদ। আরও উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক শেখ ওবায়দুল্লাহ, কে এম এনায়েত হোসেন, মো. আফজালুল হক প্রমুখ। এতে সারা দেশের খুচরা ডিলারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।শেখ ওবায়দুল্লাহ বলেন, সার সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার দুই বছর আগে সারা দেশে বেসরকারিভাবে প্রায় ৪৩ হাজার ডিলার নিয়োগ করেছে। এ জন্য ডিলারদের ৩০ হাজার টাকা করে দিতে হয়েছে। কিন্তু তাঁদের সরকারি বিসিআইসির ডিলারের কাছ থেকে সার নিতে হয়।আহ্বায়ক আরও বলেন, বিসিআইসির ডিলাররা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার সরবরাহ করায় খুচরা ডিলাররা লাভের মুখ দেখছেন না। আবার অধিকাংশ সময়েই তাঁরা চাহিদা অনুযায়ী সার দেন না।ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ী মো. আলমগীর হোসেন অভিযোগ করেন, ‘কোন সার কী দামে বিক্রি হবে, সরকার তা নির্ধারণ করে দিলেও বিসিআইসির ডিলাররা ন্যায্য দামে সার সরবরাহ করেন না। উল্টো কৃষকদের কাছে তাঁরা কম দামে বিক্রি করেন, যেন আমরা ব্যবসা গুটিয়ে নিই।’ সাংসদ শাহ জিকরুল আহমেদ খুচরা ডিলারদের সমস্যার কথা এ মাসের শেষ দিকে অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় আলোচনার আশ্বাস দেন।