সরিয়ে নেওয়া হলো আটকে পড়া জাহাজটি
চট্টগ্রাম বন্দরের মূল চ্যানেলের বাইরে আটকে যাওয়া জাহাজ এমভি গ্লাডিসকে বহির্নোঙরে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত ভোররাতে জোয়ারের সময় এটি সরানো হয়।
গত বুধবার বিকেলে বহির্নোঙর থেকে জেটিতে ভেড়ানোর পথে বন্দরের প্রবেশমুখের অদূরে জাহাজটির তলদেশ মাটিতে আটকে যায়। এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় জাহাজটি সাগর থেকে জেটিতে না আনতে মতামত দিয়েছিলেন বন্দরের দুজন পাইলট।
এ জাহাজের স্থানীয় প্রতিনিধি ট্রাইডেন্ট শিপিং লাইন লিমিটেডের উপমহাব্যবস্থাপক কাজী শহীদ মাহমুদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘এখন বহির্নোঙরে জাহাজটি থেকে কিছুসংখ্যক কনটেইনার অন্য একটি জাহাজে খালাস করা হবে। এর পরই জেটিতে ভেড়ানোর প্রক্রিয়া শুরু করব।’ এর আগে গত ৩০ জুলাই মিয়ানমারের উপকূলের কাছে আন্দামান সাগরে ইঞ্জিন বিকল হয়ে যায় জাহাজটির। ১৪ সেপ্টেম্বর জাহাজটি বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। জাহাজটিতে ৩৩৮টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানি করা ৮৪৯ কনটেইনার পণ্য আছে।