সরিয়ে দেওয়া হলো আহসানুল আলমকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুর্মিটোলা গলফ ক্লাবে গতকাল ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় কয়েকজন বিভিন্ন দাবিতে স্লোগান দিলে তাঁদের থামানোর চেষ্টা করেন ব্যাংকের কর্মকর্তারা l ছবি: প্রথম আলো
কুর্মিটোলা গলফ ক্লাবে গতকাল ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় কয়েকজন বিভিন্ন দাবিতে স্লোগান দিলে তাঁদের থামানোর চেষ্টা করেন ব্যাংকের কর্মকর্তারা l ছবি: প্রথম আলো

ভাইস চেয়ারম্যান পদ থেকে সৈয়দ আহসানুল আলমকে সরিয়ে দিয়েছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদ থেকেও আবদুল মাবুদকে সরিয়ে দেওয়া হয়। তবে স্বতন্ত্র এই দুই পরিচালকের পরিচালক পদে থাকা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

গত ৫ জুন ব্যাংকটির বিশেষ পরিস্থিতিতে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন স্বতন্ত্র এই পরিচালক। শুরুতে তিনি ব্যাংকটির প্রভাবশালী একজন পর্ষদ হিসেবেই পরিচিত ছিলেন।

গতকাল মঙ্গলবার ব্যাংকটির ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। এজিএম ও পর্ষদের সভায় ১৮ পরিচালকই উপস্থিত ছিলেন। একমাত্র সৈয়দ আহসানুল আলম উপস্থিত ছিলেন না। কুর্মিটোলা গলফ ক্লাব অডিটরিয়ামে এসব সভা অনুষ্ঠিত হয়। গতকালের সভায়ই ইসলামী ব্যাংকের অন্যতম শেয়ারধারী ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) হাতে রাখা শেয়ারের বড় অংশ ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছে।

কয়েক দিন ধরে এবারের এই এজিএম নিয়ে ব্যাপক আলোচনা হলেও সাধারণ শেয়ারধারীদের উপস্থিতি ছিল খুব কম। উপস্থিত যাঁরা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন, তাঁদের সবাই  বর্তমান পর্ষদের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের অনেকেই আহসানুল আলম ও আবদুল মাবুদকে পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান।

এদিকে আহসানুল আলম গতকাল এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘ভাড়া করা এজিএম পার্টির লোকেরা কতিপয় পরিচালকের বিরুদ্ধে যে বিষোদ্গার করেছে, তার উত্তর দেওয়ার ভাষা আমার জানা নেই।’

যোগাযোগ করা হলে আহসানুল আলম বলেন, ‘আমাকে কায়দা করে সরিয়ে দেওয়া হয়েছে। গোপন তথ্য পেয়েই আমি সভাতে অংশ নিইনি।’

অন্যদিকে এজিএম শেষে ব্যাংকের বিদেশি পরিচালক ও ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রতিনিধি আরিফ সুলেমান সাংবাদিকদের বলেন, ‘ইসলামী ব্যাংকের আমাদের সাড়ে ৭ শতাংশ শেয়ার আছে। ২ দশমিক ১ শতাংশ রেখে বাকিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা ইসলামী ব্যাংক ছেড়ে যাচ্ছি না, তবে শেয়ার কমিয়ে আনছি।’ ইসলামী ব্যাংকের পরিবর্তন নিয়ে আইডিবির অবস্থান পরিবর্তন হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আরিফ সুলেমান বলেন, পরিবর্তন এ-দেশীয় আইন মেনে হয়েছে, পর্ষদের মাধ্যমেই হয়েছে।

পরিচালনা পর্ষদের সভা শেষে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ও সৌদি আরবের আল-রাজি গ্রুপের প্রতিনিধি ইউসিফ আবদুল্লাহ আল রাজি সাংবাদিকদের বলেন, ‘ব্যাংকের পরিবর্তন নির্বিঘ্নে হওয়া উচিত। দ্রুত পরিবর্তনের কারণে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘আগের পরিচালনা পর্ষদ ছিল ভেরি ভেরি গুড, এখনকার পর্ষদ এক্সিলেন্ট।’ এ সময় চেয়ারম্যান আরাস্তু খান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আবদুল মতিন উপস্থিত ছিলেন।

যেভাবে সম্পন্ন হলো এজিএম

গত ৩১ মার্চ ব্যাংকটি ঘোষণা দেয়, এবার এজিএম হবে কুর্মিটোলা গলফ ক্লাবে। ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটি। এরপর থেকেই ব্যাংকটির মালিকানার পরিবর্তন নিয়ে আবারও আলোচনা শুরু হয়। এরপর স্বতন্ত্র পরিচালক হিসেবে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহসানুল আলম ১১ মে ফেসবুকে লেখেন যে তাঁকে সরিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। পরিচালক পদ থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। এরপর তাঁর পক্ষে ব্যাংকটির আরও ৬ পরিচালক বিবৃতি দেন। ফলে ব্যাংকটির পর্ষদ কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

কুর্মিটোলা গলফ ক্লাবে সভার স্থান নির্ধারিত হওয়ায় গতকাল সকাল থেকেই শেয়ারধারীরা আসতে থাকেন। সংরক্ষিত এলাকা হওয়ায় অনেকেই ফিরে যান। সকাল ১০টায় গলফ ক্লাবের মিলনায়তনে গিয়ে দেখা যায়, দেশের সবচেয়ে বড় এ ব্যাংকটির সাধারণ শেয়ারধারী সাড়ে ১৮ শতাংশ হলেও এসেছেন মাত্র কয়েকজন। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন ব্যস্ত। যথাসময়েই শুরু হয় এজিএম। এর কিছুক্ষণ পরে আসেন একদল শেয়ারধারী; যারা শেয়ারবাজারের ‘এজিএম পার্টি’ নামেই পরিচিত। তালিকাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের এজিএমে অংশ নিয়ে তাঁরা মূলত পরিচালকদের পক্ষে কাজ করেন।

সকাল ১০টায় ব্যাংকটির কোম্পানি সচিব অ্যাজেন্ডা উপস্থাপনের পর চেয়ারম্যান আরাস্তু খান বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করতে লভ্যাংশ কম দেওয়া হয়েছে। মুনাফা থেকে ২৮৫ কোটি টাকা রিজার্ভে রাখা হয়েছে। আইডিবি ইসলামী ব্যাংক ছেড়ে যাচ্ছে না, তারা কিছু শেয়ার বিক্রি করছে।

এরপর আরাস্তু খান একে একে ১০ জন শেয়ারধারীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। তাঁরা সবাই ছিলেন ‘এজিএম পার্টির’ সদস্য। এ সময় লুতফুল গনি বলেন, যেসব পরিচালক ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করছেন, তাঁদের শাস্তি দিতে হবে। সিদ্দিকুর রহমান বলেন, ভাইস চেয়ারম্যান ষড়যন্ত্রকারী। রুহুল আনোয়ার বলেন, পরিচালক শপথ ভেঙেছেন। ওনাকে মদদ দিচ্ছেন আরেক পরিচালক আবদুল মাবুদ। জানে আলম নামে একজন বলেন, কোনো পরিচালক শাখায় গিয়ে ফাইল চাইতে পারেন না। এটা ভাইস চেয়ারম্যানের কাজ না। মনিরুল ইসলাম বলেন, ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে।

পরিচালকদের বক্তব্য শেষে এক-তৃতীয়াংশ পরিচালক পদত্যাগ করেন ও নতুন করে নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষকের স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়টি অ্যাজেন্ডায় এলে কয়েকজন প্রতিবাদ জানিয়ে মঞ্চে উঠে পড়েন। এ সময় চেয়ারম্যান বলেন, ‘আপনারা যাঁর কথা ভাবছেন, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। ইনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি বিষয়টা দেখছি।’

এরপর ব্যাংকটির নতুন পরিচালক হিসেবে আল-রাজি গ্রুপের প্রতিনিধি মুসাইন আবদুল্লাহ আল রাজিকে নিয়োগের সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর তা কার্যকর হবে বলে জানান চেয়ারম্যান। এর ফলে ব্যাংকটির পরিচালকের সংখ্যা দাঁড়াবে ২০ জনে। এর মাধ্যমে শেষ হয়ে যায় ব্যাংকটির এজিএম কার্যক্রম।

উল্লেখ্য, ২০১৬ সালে ব্যাংকটি সবচেয়ে কম, ১০ শতাংশ লভ্যাংশ দিল। ২০১৫ সালে নগদ লভ্যাংশ ছিল ২০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ সামগ্রিক বিষয়ে প্রথম আলোকে বলেন, ব্যাংকটিতে কয়েকটি ব্যবসায়ী গ্রুপের মালিকানা আছে। তাদের অভ্যন্তরীণ বিরোধেই এ পরিবর্তন হয়েছে। এখন বোঝা গেল চেয়ারম্যান ও এমডি যে গ্রুপ থেকে এসেছেন, তারাই শক্তিশালী। এ পরিবর্তন ক্ষমতার দ্বন্দ্ব থেকেই হয়েছে। এর প্রভাব ব্যাংকের ব্যবসায় পড়বে না।

পর্ষদ সভা ও সংবাদ সম্মেলন

এজিএম শেষে গলফ ক্লাবেই ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা হয়। সভা শেষে ব্যাংকটির চেয়ারম্যান বলেন, ‘ব্যাংকে এখন থেকে একজন ভাইস চেয়ারম্যান থাকবেন, দুজন থাকার প্রয়োজন নেই। সব ব্যাংকে তো  একজন থাকেন। আমাদের শুধু ইউসিফ আবদুল্লাহ আল রাজি এ পদে থাকবেন। আহসানুল আলম শুধু স্বতন্ত্র পরিচালক হিসেবে থাকবেন। ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম মোহাম্মদ আফজালকে। ওই পদে আগে ছিলেন আবদুল মাবুদ।’

আরান্তু খান বলেন, ‘ব্যাংক ফাউন্ডেশন পরিচালনা করতে পর্ষদ থেকে চারজন পরিচালক হবেন। এর মধ্যে ব্যবস্থাপনা পরিচালকও আছেন। শিক্ষা, স্বাস্থ্য ও হিসাববিদ—এমন আরও চারজনকে নিয়োগ দেওয়া হবে। ফাউন্ডেশন থেকে আরও আটজন থাকবেন। ফাউন্ডেশনকে আমরা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে চাই না, এ জন্য তাঁদের প্রাধান্য থাকবে।’

আরাস্তু খান আরও বলেন, ‘একজন পরিচালককে (আহসানুল আলম) হুমকি দেওয়া হলো। আমরা বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছি। সাতজন পরিচালক স্বাক্ষর করে বিজ্ঞপ্তি দিলেন। তিনি বলে দিলেন, ব্যাংক বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ব্যাংকের ভাবমূর্তি ব্যাপক ক্ষুণ্ন হয়েছে। পর্ষদ সভায় আসতে উনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, উনি আসেননি।

এ সময় নির্বাহী কমিটির চেয়াম্যান আবদুল মতিন বলেন, ‘আমিও এই বিজ্ঞপ্তিতে সই দিয়েছি। তবে এটা সংবাদমাধ্যমে দেওয়ার জন্য নয়। আমরা সবাই চেয়ারম্যানের নেতৃত্বে একত্র আছি।’

উল্লেখ্য, সৈয়দ আহসানুল আলমের নেতৃত্বে বিজ্ঞপ্তিতে সই করেছিলেন শেয়ারধারী পরিচালক আব্দুল মতিন, বোরহান উদ্দিন আহমেদ ও কাজী শহিদুল আলম, স্বতন্ত্র পরিচালক আবদুল মাবুদ, সাইফুল ইসলাম ও হেলাল আহমেদ চৌধুরী। এজিএমে আহসানুল আলম ছাড়া সবাই উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৫ জানুয়ারি রাজধানীর র‍্যাডিসন হোটেলে অনুষ্ঠিত পর্ষদ সভায় ব্যাংকটিতে বড় ধরনের পরিবর্তন আসে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে পরিবর্তন আসে। আরাস্তু খান একই দিন নতুন পরিচালক হয়েই চেয়ারম্যানের দায়িত্ব পান। আহসানুল আলমও এদিন নতুন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান।