বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে যে অপপ্রচারে হচ্ছে, তাতে কান না দিয়ে সরেজমিনে কারখানা পরিদর্শন করতে অস্ট্রেলিয়ার ক্রেতাদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মন্ত্রী বলেছেন, বাংলাদেশের পোশাকশিল্প নিয়ে অনেকেই অপপ্রচার চালানোর চেষ্টা করছে। রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশ সরকার পোশাকশিল্পে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। অস্ট্রেলীয় সরকার ও ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের এই অবস্থানের বিষয়টি বুঝবেন এবং অপপ্রচারে প্রভাবিত হবেন না।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে পোশাকশিল্প নিয়ে আয়োজিত এক ফোরামে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তিনি জানান, ২০২১ সালে রপ্তানি পাঁচ হাজার কোটি মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।
অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটির স্কুল অব ম্যানেজমেন্ট, সেন্টার ফর সাসটেইনেবল অর্গানাইজেশন অ্যান্ড ওয়ার্কস অ্যান্ড দি ইউরোপিয়ান ইউনিয়ন সেন্টার এবং ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন ও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ যৌথভাবে এ ফোরামের আয়োজন করে।