সরেজমিনে পণ্যের তথ্য যাচাই ছাড়াই অভ্যন্তরীণ বিলে স্বীকৃতি দিতে পারবে ব্যাংক। তবে এ ধরনের বিলের বিপরীতে স্বীকৃতি দেওয়ার আগে ক্রয় করা পণ্যের সরবরাহের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।অন্যদিকে বৈদেশিক বিলের ক্ষেত্রে পণ্য জাহাজীকরণের দলিল হাতে পেয়ে স্বীকৃতি দেওয়া যাবে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবির মুখে ব্যাংকারদের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার এ সিদ্ধান্ত নিয়েছে। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করে গতকালই ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।জানা গেছে, হলমার্ক গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠান ব্যাংকের শাখা পর্যায়ে ভুয়া বিলের বিপরীতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের পর বাংলাদেশ ব্যাংক স্বীকৃত বিল ক্রয়ের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে গত ১১ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করে। সেখানে বিল ক্রয় ও স্বীকৃতি দেওয়ার বিষয়টি শাখার পরিবর্তে প্রধান কার্যালয়ের ওপর ন্যস্ত করা হয়। একই সঙ্গে পণ্যের সরবরাহ পরিস্থিতি বাস্তবে যাচাই করে স্বীকৃতি দিতে বলা হয়।এ নির্দেশনার ফলে ব্যাংকগুলো বিলে স্বীকৃতি দিতে কালক্ষেপণ করছিল বলে অভিযোগ ওঠে। এই কালক্ষেপণ ব্যবসায়ীদের জন্য লোকসানের কারণ হয়ে উঠেছে বলেও অভিযোগ করা করা হয়।বিভিন্ন ব্যবসায়ী সংগঠন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত এ পরিস্থিতির সমাধান দাবি করে। অর্থমন্ত্রী বিষয়টি নিষ্পত্তির জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পদক্ষেপ নিতে বলেন।এর পরই গতকাল বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের কেন্দ্রীয় ব্যাংকে একটি বৈঠকে ডাকা হয়। ওই বৈঠকে প্রজ্ঞাপনের একটি অংশ পরিবর্তনের সিদ্ধান্ত হয়।বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় কিংবা বৈদেশিক মুদ্রায় অভ্যন্তরীণ ঋণপত্রের বিপরীতে স্বীকৃতি প্রদানের আগে ক্রয়কৃত মালামালের প্রকৃত সরবরাহের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। মালামাল সরবরাহের বিষয়ে নিশ্চিত হওয়া ব্যতিরেকে কোনো স্বীকৃতি প্রদান বা বিল পরিশোধ করা যাবে না। এ ছাড়া চলতি বছরের জুলাইয়ে করা প্রজ্ঞাপনের বাকি সব কিছুই ঠিক থাকবে।