সর্ট সেল করায় সালতা ক্যাপিটালকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের শেয়ার সর্ট সেল (গ্রাহকের বিও হিসাবে শেয়ার না থাকা সত্ত্বেও শেয়ার বিক্রি) করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য স্টক ভেকার সালতা ক্যাপিটাল লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসসি)। আজ মঙ্গলবার কমিশনের ৪৯০তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির সূত্রে জানা যায়, চলতি বছরের ৮, ৯ ও ১০ এপ্রিল সালতা ক্যাপিটাল ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এক লাখ করে মোট তিন লাখ শেয়ার সর্ট সেল করে। বিষয়টি কমিশনের ‘ইনস্ট্যান্ট ওয়াচ মার্কেট সার্ভিল্যান্স সিস্টেম’-এ ধরা পড়ে। কমিশনের সার্ভিল্যান্স বিভাগ বিষয়টি তদন্ত করে এনফোর্সমেন্ট বিভাগে পাঠায়। পরে এনফোর্সমেন্ট বিভাগও বিষয়টি তদন্ত করে।

আজ কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ (সর্ট সেল) রেগুলেশনস, ২০০৬ এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর বিধি ১১ এবং দ্বিতীয় তফসিলের আচরণবিধি ১ ও ৬ ভঙ্গের কারণে সালতা ক্যাপিটাল লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা ধার্য করার সিদ্ধান্ত নেওয়া হয়।’