সর্বোচ্চ দরপতনের ধাক্কা কিছুটা সামলে উঠেছে ঢাকার শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ দরপতনের ধাক্কা কিছুটা সামলে উঠেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে গত সপ্তাহে সাধারণ সূচক ও আর্থিক লেনদেন কমেছে। সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন চাঙাভাব থাকে শেয়ারবাজারে এবং দুই দিন দরপতন হয়। সব মিলিয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় বাজার।ডিএসই সূত্রে জানা যায়, গত রোববার সাপ্তাহিক লেনদেনের শুরুতে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫১১ পয়েন্ট কমে ৭৬৫৪ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়ায়; যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ দরপতন। পরদিন সোমবার সাধারণ সূচক ৩০৪ পয়েন্ট বাড়ে। এ ধারা মঙ্গল ও বুধবারও অব্যাহত থাকে। তবে বৃহস্পতিবার সূচক ৬৩ দশমিক ৪৭ পয়েন্ট কমে ৮১০৮ দশমিক ১০ পয়েন্টে দাঁড়ায়।ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে (১৯ থেকে ২৩ ডিসেম্বর) সাধারণ মূল্যসূচক এক দশমিক ২০ শতাংশ বা ৯৮ দশমিক শূন্য সাত পয়েন্ট কমে যায়। সপ্তাহের শুরুতে সাধারণ মূল্যসূচক ছিল ৮২০৬ দশমিক ১৭ পয়েন্ট; যা এক সপ্তাহের লেনদেন শেষে দাঁড়ায় ৮১০৮ দশমিক ১১ পয়েন্টে।একই সময়ে আর্থিক লেনদেন গড়ে প্রতিদিন তিন দশমিক ৩৮ শতাংশ কমে প্রতিদিন এক হাজার ৫১৯ কোটি টাকা করে হয়েছে। তবে সপ্তাহ শেষে দেখা যায়, গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে সাত হাজার ৫৯৬ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ২০ দশমিক ৭৭ পয়েন্ট বেশি।এদিকে সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৪৪ হাজার ৯৫৮ কোটি টাকা; যা সপ্তাহ শেষে দশমিক ৫৩ শতাংশ বেড়ে তিন লাখ ৪৬ হাজার ৭৯০ কোটি টাকায় দাঁড়ায়।গেল সপ্তাহে বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। এ সময় লেনদেন হওয়া মোট ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে মোট দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, তিতাস গ্যাস, এনবিএল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বেক্সিমকো, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এবি ব্যাংক, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ম্যাকসনস স্পিনিং।সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, লিব্রা ইনফিউশনস, এনবিএল, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, তিতাস গ্যাস, বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রডস, জেমিনি সি ফুডস, ওশান কন্টেইনার্স ও প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড। সমাপনী মূল্যের ভিত্তিতে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—পদ্মা অয়েল, সোনালী আঁশ, ফার্মা এইড, সায়হাম টেক্সটাইল, দুলামিয়া কটন, ইস্টার্ন হাউজিং, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার, সাভার রিফ্রাক্টরিজ, গোল্ডেন সন ও ইমাম বাটন।