গত অর্থবছরে আমদানি পর্যায়ে সর্বাধিক রাজস্ব প্রদানকারী ১০টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। পাঁচটি সরকারি সংস্থা ও পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠান এ সম্মাননা লাভ করে।সম্মাননা পাওয়া বেসরকারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে—উত্তরা মোটরস লিমিটেড, আবুল খায়ের মিল্ক প্রডাক্টস, মারিন ভেজিটেবল অয়েল লিমিটেড, টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। আর সরকারি সংস্থাগুলোর মধ্যে রয়েছে—মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, পদ্মা অয়েল, ইআরএল, যমুনা অয়েল ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।আন্তর্জাতিক শুল্ক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কাস্টম হাউসে আয়োজিত এক সেমিনার অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। চট্টগ্রাম কাস্টম হাউস মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে শুল্ক কর্তৃপক্ষ।সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মারুফুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনবিআরের সদস্য মো. এনায়েত হোসেন ও কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মো. ফিরোজউদ্দিন আহমেদ। সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে অতিরিক্ত কমিশনার মো. মতিউর রহমান ও যুগ্ম কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান।এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধে কাস্টম হাউসে পরিপূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তিনি জানান, চট্টগ্রাম কাস্টম হাউসে পরিপূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতির কার্যক্রম শুরু করা হচ্ছে। এই পদ্ধতি পুরোপুরি বাস্তবায়ন করা হলে রাজস্ব আদায় যেমন বাড়বে, তেমনি ব্যবহারকারীদের উত্তম সেবা দেওয়া সম্ভব হবে।এনবিআরের চেয়ারম্যান জানান, বাণিজ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রথম চট্টগ্রাম কাস্টম হাউস থেকে শুরু হচ্ছে। যাঁরা এ ধরনের বিরোধ বা মামলায় জড়িত, তাঁদের এই সুযোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই পদ্ধতিতে দুই পক্ষই লাভবান হবে। আগামী মাসের মাঝামাঝি বিকল্প বিরোধ নিষ্পত্তির কার্যক্রম শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।নাসির উদ্দিন আহমেদ আরও জানান, মন্ত্রিসভায় শিগগিরই কিয়োটা কনভেনশন উপস্থাপন করা হবে। এ ছাড়া আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে দেশের সব কাস্টম হাউসে একসঙ্গে মূল্য ঘোষণার ফরম পূরণ কার্যক্রম শুরু করা হবে।এর আগে সকালে আন্তর্জাতিক শুল্ক দিবস উপলক্ষে কাস্টম হাউসের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়।স্বয়ংক্রিয় পদ্ধতি চালুএদিকে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বন্ড কমিশনারেটের কমিশনার জামাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চট্টগ্রাম কাস্টম হাউসে প্রায় তিন বছর আগে স্বয়ংক্রিয়-পদ্ধতি চালু করা হলেও তা ৫০ শতাংশের মতো বাস্তবায়িত হয়েছে। এ কারণে সনাতন-পদ্ধতির ওপরও নির্ভর করতে হচ্ছে। তবে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতির কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন হলে সবই এর আওতায় করতে হবে এবং সনাতন-পদ্ধতির কার্যক্রম বন্ধ হয়ে যাবে।