আইসিবির আটটি ফান্ড ও ইউনিটের লভ্যাংশ ঘোষণা
সর্বোচ্চ ৪০০ শতাংশ লভ্যাংশ দেবে প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আটটি মিউচ্যুয়াল ফান্ড ও ইউনিট ফান্ডের ২০০৯-১০ অর্থবছরের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আইসিবি প্রথম মিউচ্যুয়াল ফান্ড ৪০০ শতাংশ লভ্যাংশ দেবে, যা দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে এযাবৎকালের সর্বোচ্চ লভ্যাংশ।অন্যান্য মিউচ্যুয়াল ফান্ড ও ইউনিট ফান্ডের ঘোষিত লভ্যাংশের হার হলো আইসিবি দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড ২০০ শতাংশ, তৃতীয় মিউচ্যুয়াল ফান্ড ১৪০ শতাংশ, চতুর্থ মিউচ্যুয়াল ফান্ড ১২৫ শতাংশ, পঞ্চম মিউচ্যুয়াল ফান্ড ১০০ শতাংশ, ষষ্ঠ মিউচ্যুয়াল ফান্ড ৭৫ শতাংশ, সপ্তম মিউচ্যুয়াল ফান্ড ৭০ শতাংশ, অষ্টম মিউচ্যুয়াল ফান্ড ৬৫ শতাংশ এবং আইসিবি ইউনিটপ্রতি ২৬ টাকা।আইসিবির পরিচালনা পর্ষদের ২৬তম সভায় গত বৃহস্পতিবার মিউচ্যুয়াল ফান্ড ও ইউনিট ফান্ডগুলোর লভ্যাংশ ঘোষণা করা হয়। করপোরেশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান ও মহাব্যবস্থাপক যথাক্রমে দীনা আহসান, মো. খোরশেদ হোসেন ও মো. ইফতিখার-উজ-জামান উপস্থিত ছিলেন।আইসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে এর আগের ২০০৮-০৯ অর্থবছরে আইসিবির আটটি মিউচ্যুয়াল ফান্ড ও ইউনিট ফান্ডের ঘোষিত লভ্যাংশের হারও তুলে ধরা হয়, যা ছিল এ রকম—আইসিবি প্রথম মিউচ্যুয়াল ফান্ড ৩১০ শতাংশ, দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড ৯৫ শতাংশ, তৃতীয় মিউচ্যুয়াল ফান্ড ৮৫ শতাংশ, চতুর্থ মিউচ্যুয়াল ফান্ড ৮০ শতাংশ, পঞ্চম মিউচ্যুয়াল ফান্ড ৫৬ শতাংশ, ষষ্ঠ মিউচ্যুয়াল ফান্ড ৩৭ শতাংশ, সপ্তম মিউচ্যুয়াল ফান্ড ৩৫ শতাংশ, অষ্টম মিউচ্যুয়াল ফান্ড ৩২ শতাংশ এবং আইসিবি ইউনিটপ্রতি ২২ টাকা।সভায় জানানো হয়, ২০০৯-১০ অর্থবছরে আইসিবি প্রথম মিউচ্যুয়াল ফান্ড ৭৫৪ দশমিক ৯০ লাখ টাকা, দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড ২৫৯ দশমিক ৮৯ লাখ, তৃতীয় মিউচ্যুয়াল ফান্ড ৩৭৬ দশমিক ৮৯ লাখ, চতুর্থ মিউচ্যুয়াল ফান্ড ৩৬৮ দশমিক ২০ লাখ, পঞ্চম মিউচ্যুয়াল ফান্ড ৩৩১ দশমিক ০৬ লাখ, ষষ্ঠ মিউচ্যুয়াল ফান্ড ৬৭৩ দশমিক ৯৮ লাখ, সপ্তম মিউচ্যুয়াল ফান্ড ৪৬৭ দশমিক ৩১ লাখ, অষ্টম মিউচ্যুয়াল ফান্ড ৬৮৫ দশমিক ৮৭ লাখ এবং আইসিবি ইউনিট ফান্ড ২৪১ কোটি টাকা বিতরণযোগ্য মুনাফা অর্জন করেছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইসিবির দক্ষ ও কার্যকর পত্রকোষ ব্যবস্থাপনার ফলে ফান্ডগুলোর বিপরীতে আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করতে পারায় পরিচালনা পর্ষদ সন্তোষ প্রকাশ করেছে। অভিজ্ঞ ও পেশাদারি ব্যবস্থাপনার ফলে এই লভ্যাংশ প্রদান করা সম্ভব হয়েছে।