সর্বোত্তম বার্ষিক প্রতিবেদন পুরস্কার পেল ৩২ প্রতিষ্ঠান
সর্বোত্তম বার্ষিক প্রতিবেদনের ওপর পুরস্কার প্রদান করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। এ বছর নয়টি শ্রেণীতে ৩২টি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে গত সোমবার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাণিজ্যমন্ত্রী জি এম কাদের ছিলেন বিশেষ অতিথি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি সাইফুল ইসলাম। এ ছাড়া প্রকাশিত হিসাব ও প্রতিবেদনের জন্য গঠিত পর্যালোচনা কমিটির চেয়ারম্যান আব্বাস উদ্দিন খাঁনসহ পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা বক্তব্য দেন। পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থমন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বৈশ্বিক অর্থনীতির যুগে সব কোম্পানিরই লক্ষ্য হওয়া উচিত কোম্পানির সুশাসন। যেসব কোম্পানি সর্বোত্তম বার্ষিক প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছে, সেগুলোতে তুলনামূলক সুশাসন বেশি রয়েছে বলেই তিনি বিশ্বাস করেন। অর্থমন্ত্রী আরও বলেন, ‘আইসিএবির এই প্রচেষ্টা, স্বচ্ছতা, জবাবদিহি তথা সুশাসনের ক্ষেত্রে একটি মাইলফলক। সুশাসনের দিক থেকে শুধু দেশে নয়, বহির্বিশ্বেও সুনাম অর্জন করতে চাই।’ সার্বিক বিবেচনায় দেশের অর্থনীতির প্রসার ঘটছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশে বিনিয়োগ হচ্ছে, ব্যবসাও বাড়ছে। কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ যে, এগুলো কতটা স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, ‘ব্যবসা-বাণিজ্য তথা জাতীয় অর্থনীতির প্রসার ঘটাতে হলে অবশ্যই আইনকানুন মেনে চলতে হবে। জনগণের ক্ষতি হয়, তা থেকে বিরত থাকতে হবে কোম্পানিগুলোকে।’ আইসিএবির এই আয়োজন কোম্পানি সুশাসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। যারা পুরস্কার পেল: পুরস্কারের জন্য মোট ১১টি শ্রেণী বা ক্যাটাগরি করা হয়। তবে দুটি শ্রেণীতে কেউই পুরস্কার পায়নি। ব্যাংক শ্রেণীতে প্রথম পুরস্কার পেয়েছে রূপালী ব্যাংক। বেসরকারি ব্যাংক শ্রেণীতে (সমবায় ব্যাংকসহ) প্রথম প্রাইম ব্যাংক, দ্বিতীয় ইস্টার্ন ব্যাংক ও তৃতীয় ইসলামী ব্যাংক। এ শ্রেণীতে বিশেষ সম্মাননা সনদ পেয়েছে ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। আর্থিক সেবা শ্রেণীতে প্রথম হয়েছে প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, দ্বিতীয় আইডিএলসি ফিন্যান্স লিমিটেড, তৃতীয় লংকাবাংলা ফিন্যান্স। বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছে ইউনিয়ন ক্যাপিট্যাল ও উত্তরা ফিন্যান্স। উৎপাদন খাতে প্রথম হয়েছে গ্লাক্সোস্মিথক্লাইন, দ্বিতীয় আরএকে সিরামিকস ও তৃতীয় সিঙ্গার বাংলাদেশ। বিশেষ সম্মাননা পেয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি শ্রেণীতে একমাত্র পুরস্কার পেয়েছে গ্রামীণফোন। সেবা খাত ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার পেয়েছে ডেসকো। বেসরকারি প্রতিষ্ঠান শ্রেণীতে প্রথম পুরস্কার পেয়েছে সাজিদা ফাউন্ডেশন, দ্বিতীয় ব্র্যাক ও তৃতীয় উদ্দীপন। বিমা খাতে প্রথম পুরস্কার পেয়েছে রিলায়েন্স ইনস্যুরেন্স, দ্বিতীয় গ্রিনডেল্টা ইনস্যুরেন্স। প্রাতিষ্ঠানিক সুশাসনের জন্য সার্ক পুরস্কার পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। প্রথম হয়েছে ইসলামী ব্যাংক, দ্বিতীয় প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও তৃতীয় আইডিএলসি ফিন্যান্স লিমিটেড।সরকারি খাতের প্রতিষ্ঠান ও কৃষি খাত—এই দুই শ্রেণীতে কেউই পুরস্কার পায়নি।