সর্বোত্তম বার্ষিক প্রতিবেদনের পুরস্কার দিল আইসিএবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অতিথিদের সঙ্গে আইসিএবি পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা ।  প্রথম আলো
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অতিথিদের সঙ্গে আইসিএবি পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা । প্রথম আলো

সর্বোত্তম বার্ষিক আর্থিক প্রতিবেদনের ওপর পুরস্কার প্রদান করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। এ বছর নয়টি ক্যাটাগরিতে ১৮ প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল শনিবার রাতে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাণিজ্যসচিব মাহবুব আহমেদ ছিলেন বিশেষ অতিথি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি মো. আবদুস সালাম। এ ছাড়া প্রকাশিত হিসাব ও প্রতিবেদনের জন্য গঠিত পর্যালোচনা কমিটির চেয়ারম্যান আব্বাস উদ্দিন খানসহ পুরস্কারপ্রাপ্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বক্তব্য দেন। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থমন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘হরতাল-অবরোধের নামে যেসব ঘটনা ঘটছে, সেগুলো প্রতিবাদের ভাষা নয়। এগুলো সহিংসতা। আর অর্থনীতিকে বাধাগ্রস্ত করতেই এই সহিংসতা হচ্ছে।’ অর্থনীতির স্বার্থে এ ধরনের কর্মসূচি বন্ধের আহ্বান জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘কিছু সমস্যা থাকলেও দেশে হিসাব নিরীক্ষার মান বেশ উন্নত হয়েছে। আইসিএবির আজকের পুরস্কার প্রতিষ্ঠানগুলোর দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে।’
বাণিজ্যসচিব মাহবুব আহমেদ বলেন, ‘প্রাতিষ্ঠানিক সুশাসন শুধু অর্থনীতি নয়, দারিদ্র্য বিমোচনের জন্যও বেশ গুরুত্বপূর্ণ।’
আইসিএবির সভাপতি মো. আবদুস সালাম বলেন, ২০০১ সাল থেকে আইসিএবি এই সম্মাননা দিয়ে আসছে। এর মধ্য দিয়ে করপোরেট খাতে সুষ্ঠু ব্যবস্থাপনা, জ্ঞান, দক্ষতা, পেশাগত যোগ্যতা, নৈতিক গুণাবলির চর্চায় উৎকর্ষতা অর্জনে ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি।
যারা পুরস্কার পেল: পুরস্কারের জন্য মোট ১১টি ক্যাটাগরি করা হয়। দুটি ক্যাটাগরিতে কেউই পুরস্কার পায়নি। সরকারি ব্যাংক ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে রূপালী ব্যাংক।
বেসরকারি ব্যাংক ক্যাটাগরিতে (সমবায় ব্যাংকসহ) প্রথম ইসলামী ব্যাংক, দ্বিতীয় প্রাইম ব্যাংক ও তৃতীয় হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড।
আর্থিক সেবা ক্যাটাগরিতে প্রথম হয়েছে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড, দ্বিতীয় ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ও তৃতীয় প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
উৎপাদন খাত ক্যাটাগরিতে প্রথম হয়েছে আরএকে সিরামিকস, দ্বিতীয় গ্ল্যাক্সোস্মিথক্লাইন ও তৃতীয় বিএসআরএম। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার পেয়েছে গ্রামীণফোন। এনজিও ক্যাটাগরিতে উদ্দীপন, দ্বিতীয় ব্র্যাক ও তৃতীয় ব্যুরো বাংলাদেশ।
সরকারি খাতের প্রতিষ্ঠান ক্যাটাগরিতে একমাত্র পুরস্কার পেয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।
প্রাতিষ্ঠানিক সুশাসনের জন্য সার্ক পুরস্কার পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। প্রথম হয়েছে ইসলামী ব্যাংক, দ্বিতীয় আইডিএলসি ফিন্যান্স লিমিটেড ও তৃতীয় প্রাইম ব্যাংক।
বিমা খাত ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে রিলায়েন্স ইনস্যুরেন্স, দ্বিতীয় গ্রীনডেল্টা ইনস্যুরেন্স ও তৃতীয় প্রাইম ইনস্যুরেন্স। সেবা খাত ও কৃষি খাত—এই দুই ক্যাটাগরিতে কেউই পুরস্কার পায়নি।
যারা পুরস্কার পেল
রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক,
ডাচ্-বাংলা ব্যাংক, আইডিএলসি ফিন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, প্রাইম ফিন্যান্স, আরএকে সিরামিকস, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, বিএসআরএম, গ্রামীণফোন, উদ্দীপন, ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, রিলায়েন্স ইনস্যুরেন্স, গ্রীনডেল্টা ইনস্যুরেন্স এবং প্রাইম ইনস্যুরেন্স।