
ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভকে তাদের উদ্দীপনাসঞ্চারী কর্মসূচি সীমিত করে আনার বিষয়টি স্পষ্ট করার জন্য অনুরোধ জানিয়েছেন।
ফাইন্যানশিয়াল টাইমস পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী চাতিব বাসরি এই অনুরোধ জানান। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক উদ্দীপনামূলক ব্যয় কমিয়ে আনার কথা বললেও কোন প্রক্রিয়ায় তা করা হবে, তা স্বচ্ছ নয়। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরে এই ব্যয়-সংকোচন ঘটানো হবে। কিন্তু তা এখনো নিশ্চিত নয়।
সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতিসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর মুদ্রা বিনিময় হার বড় ধরনের চাপের মুখে পড়েছে। মূলত মে মাসে ফেডারেল রিজার্ভ আভাস দেয় যে প্রতি মাসে আট হাজার ৫০০ কোটি ডলারের বন্ড ক্রয় কমিয়ে আনা হবে।
এর ফলে বাজারে ডলারের সরবরাহ কমবে। আর এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির শক্তিমত্তা ফিরে পাওয়ার আভাস। এই দুই কারণে ইন্দোনেশিয়া ও ভারতসহ উদীয়মান অর্থনীতির দেশগুলো থেকে বিদেশি বিনিয়োগ তুলে নেওয়ার হিড়িক পড়েছে, যা ডলারের বিপরীতে দেশগুলোর মুদ্রার দর কমিয়ে দিচ্ছে।
ইতিমধ্যে ইন্দোনেশিয়ার বাণিজ্য-ঘাটতি বেড়ে জুলাই মাসে বিরাট আকার ধারণ করেছে।
আমেরিকার অর্থনীতিকে চাঙা করতে ফেডারেল রিজার্ভ সস্তায় তৃতীয় দফা অর্থ সরবরাহ শুরু করে, যা ‘কিউই-৩’ নামে পরিচিত। এতে প্রতি মাসে বাজারে বিপুল পরিমাণ ডলার জোগান দেওয়া হতে থাকে আর ফেডারেল রিজার্ভ সস্তায় বন্ড কিনতে থাকে। এর ফলে বিনিয়োগকারীরা মার্কিন বন্ডে আকর্ষণ হারিয়ে উদীয়মান অর্থনীতিগুলোর আর্থিক বাজারে টাকা খাটানো শুরু করে। সূত্র: এএফপি।