সস্তায় বিক্রি করেও অর্ধেক টাকা পায়নি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চিশতী টেক্সটাইল মিল
কুমিল্লার চিশতী টেক্সটাইল মিল

সংশ্লিষ্ট বিভিন্ন মহলের হিসাবে মোট সম্পদমূল্য সাড়ে তিন শ কোটি টাকার মতো হলেও কুমিল্লা শহরতলির দৌলতপুর এলাকার চিশতী টেক্সটাইল মিল বিক্রি হয়েছে মাত্র ৩৫ কোটি টাকায়!
তা সত্ত্বেও সরকারি কোষাগারে মাত্র ১৫ কোটি টাকা জমা দিয়েই বস্ত্রকলটির ১৫টি ভবন ভেঙে ফেলা হয় এবং বিক্রি করা হয় কমপক্ষে দুই হাজার টন ওজনের যন্ত্রপাতি। কেটে ফেলা হয় অনেক গাছ।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গঙ্গানগরের আমস ফারাজ কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী মো. ফারুক ইসলাম ভূঁইয়া ২০১০-২০১১ অর্থবছরে মাত্র ৩৫ কোটি টাকায় এই বস্ত্রকল ক্রয় করেন। গত ৯ জানুয়ারি তিনি জায়গা বুঝে নেন এবং দ্রুত প্রতিষ্ঠানটির দুটি কারখানা ভবনসহ ১৫টি ভবন ভেঙে ফেলেন, গাছ কাটেন ও দুই হাজার টন ওজনের যন্ত্রপাতি বিক্রি করেন।
মো. ফারুক ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘যথাযথ প্রক্রিয়া ও শর্ত পূরণ করেই মিলের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি বুঝে পাই। এরপর ভবন ভাঙা ও গাছ কাটা শুরু করি। বকেয়া টাকা পরিশোধ করে সম্পত্তির দখল নেব। বৈধভাবেই আমরা কারখানা ক্রয় করেছি।’
এই অবস্থায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় গত ১৮ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিলটি না ভাঙতে একটি আদেশ জারি করে। এর পরদিন জেলা প্রশাসনও ভাঙার ওপর স্থগিতাদেশ দেয় এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কায়সারুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভাঙার কাজ বন্ধ করেন।
সংশ্লিষ্ট অনেকেই মনে করেন, প্রতিষ্ঠানটি নামমাত্র দামে বিক্রি হয়েছে। স্থানীয় ভূমি কার্যালয়, এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, চিশতী টেক্সটাইল-সংলগ্ন এলাকায় প্রতি শতক জমির দাম এখন ১০ লাখ টাকা। সেই হিসাবে ১৬ দশমিক ৬৬ একর জমির দামই পড়ে ১৬৬ কোটি ৬০ লাখ টাকা। এর ওপর প্রতিষ্ঠানটির প্রায় দেড় হাজার টন ওজনের বিভিন্ন যন্ত্র ও দুই হাজারের অধিক গাছ ও ১৫টি ভবন ছিল। সব মিলিয়ে বস্ত্রকলটির মোট সম্পদমূল্য হবে প্রায় ৩৫০ কোটি টাকা।
এদিকে কারখানার অনেক শ্রমিক দাবি করেন, তাঁদের বেতন বাবদ প্রায় ৫০ লাখ টাকা বকেয়া রয়ে গেছে।
এ ছাড়া ৩৩ লাখ টাকার ভূমি কর, ৩ নম্বর দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ভূমি অফিসের কর বাবদ সাত লাখ টাকা এবং ইউনিয়ন পরিষদের কর বাবদ সাত লাখ টাকা বকেয়া রয়েছে। এসব টাকা পরিশোধ না করেই প্রতিষ্ঠানটির ভবনগুলো ভাঙার পাশাপাশি গাছ কাটেন এবং যন্ত্রপাতি বিক্রি করে দেন ক্রেতা।
জানা যায়, কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকায় ১৯৬৬ সালে ২৮ কোটি টাকা ব্যয়ে ভারী শিল্পকারখানা হিসেবে ‘চিশতী টেক্সটাইল মিলস’ স্থাপন করা হয়। ১৯৭২ সালে কারখানাটি জাতীয়করণ করা হয়।
এরপর ১৯৯৮ সালে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিকদের বিদায় ও কারখানার উৎপাদন বন্ধ করা হয়। পরবর্তীকালে অবশ্য বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) পুনরায় কারখানাটিতে উৎপাদন কার্যক্রম শুরু করে। কিন্তু লোকসানের কারণে ২০০৪ সালে তা আবার বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে মিলটির লিকুইডেটর এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব সাইফুদ্দিন আহমেদ মজুমদার প্রথম আলোকে বলেন, ‘মিলটি ৩৫ কোটি টাকায় বিক্রি করা হয়েছে। এ পর্যন্ত ১৫ কোটি টাকা পাওয়া গেছে। সম্পূর্ণ টাকা পরিশোধ না করে মিলের ভবন ভাঙা ও সম্পদ বিক্রির বিষয়টি আমরা জানি না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’