সস্তায় বিপুল গম আমদানি
আন্তর্জাতিক বাজারে সস্তা দাম পেয়ে বিপুল পরিমাণ গম আমদানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ গম ও আটা মিলিয়ে আমদানি করেছে ৬০ লাখ টন, যা গত বছরের চেয়ে প্রায় ২৮ শতাংশ বেশি।
এই হিসাব দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ‘গ্রেইন: ওয়ার্ল্ড মার্কেট অ্যান্ড ট্রেড’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, গম আমদানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষ পাঁচে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের আমদানিকারকেরা বলছেন, বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় কেজিপ্রতি আটার দাম কমে চালের দামের প্রায় অর্ধেকে নেমেছে। এতে গমের বাড়তি চাহিদা তৈরি হয়েছে।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত বিশ্ববাজারে গমের (যুক্তরাষ্ট্রের হার্ড রেড উইন্টার বা এইচআরডব্লিউ) মেট্রিক টনপ্রতি গড় দাম ছিল ৩০০ ডলারের কিছুটা বেশি। এরপর থেকে তা কমতে কমতে ২০১৬ সালে গড় দাম টনপ্রতি ১৬৬ ডলারে নামে। অবশ্য সর্বশেষ জুন মাসে গমের দাম টনপ্রতি ১৯০ ডলারে উঠেছে।
বিশ্ববাজারে এই দরপতনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে গম আমদানি বেড়েছে, দাম কমেছে। ইউএসডিএর জুলাই মাসের বৈশ্বিক শস্যবাজার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ২০১৩-১৪ অর্থবছরে গম ও গমজাত পণ্য আমদানি করেছিল প্রায় সাড়ে ৩৩ লাখ টন। বিগত বছরে তা বেড়ে ৬০ লাখ টনে দাঁড়ায়। অবশ্য বাংলাদেশ ব্যাংকের বরাত দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দৈনিক খাদ্যশস্য প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিগত অর্থবছরে প্রায় ৫৭ লাখ টন গম আমদানি করেছে।
এত বেশি গম আমদানির কারণ জানতে চাইলে দেশের শীর্ষ আমদানিকারকদের একজন বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে দিন দিন গমের চাহিদা বাড়বে। কারণ এসব দেশে রুটি, বেকারি, ফাস্ট ফুড ইত্যাদি পণ্যের চাহিদা বাড়ছে। তিনি বলেন, চালের দাম যখন বেশি হয়, তখন গমের দাম কম হলে আটা খাওয়া বেড়ে যায়। বিশেষ করে, নিম্ন আয়ের মানুষেরা চাল ও আটার দামের তুলনা করেন।
আবুল বশর চৌধুরী বলেন, ‘আপনি বাজারে গেলে এক কেজি চাল কিনতে ন্যূনতম ৪০ টাকা লাগবে, আটা পাওয়া যাবে ২২-২৩ টাকায়। ফলে আটার চাহিদা বেড়েছে।’
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, ঢাকার বাজারে এখন মোটা চালের সর্বনিম্ন দাম ৪৩ টাকা, অন্যদিকে খোলা আটা মিলছে কেজিপ্রতি ২৪ টাকায়।
আটার বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি সিটি গ্রুপের মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) বিশ্বজিৎ সাহা বলেন, ‘দেশে চাহিদা ছিল বলেই বেশি গম আমদানি হয়েছে। নইলে আমরা এত গম রাখতাম কোথায়।’
বাংলাদেশ সবচেয়ে বেশি গম আমদানি করে রাশিয়া ও ইউক্রেন থেকে। অন্যদিকে ময়দা তৈরির জন্য ভালো মানের গম আমদানি হয় কানাডা থেকে। আবুল বশর চৌধুরী বলেন, এখন যে গম আসছে তার দাম টনপ্রতি ২১০ ডলারের কাছাকাছি। তবে টনপ্রতি ৩৪৫ ডলার পর্যন্ত দামের গম বিশ্ববাজারে পাওয়া যায়।
ইউএসডিএ বলছে, চলতি বছর বিশ্বে ৭৩ কোটি ৭৮ লাখ টন গম উৎপাদিত হবে; যা গত বছরের চেয়ে ১৭ লাখ টন কম। তবে বাংলাদেশের জন্য সুখবর হলো রাশিয়ায় উৎপাদন ও রপ্তানি বাড়বে। চলতি বছর রাশিয়া সবচেয়ে বড় রপ্তানিকারক দেশে পরিণত হবে বলে ইউএসডিএর প্রতিবেদনে প্রাক্কলন করা হয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনে উৎপাদন কিছুটা কমবে। অবশ্য এ উৎপাদনঘাটতি সামাল দেবে রাশিয়া।