সহজ রোমিং-সুবিধা চালু করছে টেলিনর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন ফ্রেডরিক বাকসাস
জন ফ্রেডরিক বাকসাস

বাংলাদেশের সবচেয়ে বড় মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর বিশ্বব্যাপী কম খরচে রোমিং-সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে বিশ্বে যে ১৩টি দেশে টেলিনর কার্যক্রম পরিচালনা করছে, সেসব দেশের গ্রাহকেরা বিশ্বের যেকোনো দেশে গেলে রোমিং-সুবিধা পাবেন।
টেলিনরের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন ফ্রেডরিক বাকসাস বার্সেলোনায় বিশ্ব মোবাইল কংগ্রেস-২০১৫-এ এই ঘোষণা দেন। ফিরা গ্রান ভিয়া কমপ্লেক্সে হচ্ছে এই কংগ্রেস। গতকাল বুধবার ছিল কংগ্রেসের তৃতীয় দিন। এখানে বড় কোম্পানিগুলো সুপরিসর জায়গা নিয়ে নিজস্ব বুথ তৈরি করেছে। টেলিনরের বুথে সাংবাদিকদের জন্য অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ ঘোষণা দেন। ফ্রেডরিক বাকসাস একই সঙ্গে মোবাইল কংগ্রেসের আয়োজক জিএসএম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান।
বিশ্বে বর্তমানে রোমিং-সুবিধা রয়েছে। তবে তা অত্যন্ত ব্যয়বহুল। মূলত অন্য অপারেটরদের সহযোগিতায় এ রোমিং-সুবিধা চালু রয়েছে। টেলিনর নতুন ঘোষণা দেওয়ায় এখন গ্রাহকেরা বিশেষ করে ইন্টারনেট সহজে ও কম মূল্যে ব্যবহার করতে পারবেন।
ঘোষণা দেওয়ার পর বাংলাদেশের সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন, কবে বাংলাদেশেও এটি চালু হবে? উত্তরে তিনি জানান, খুচরা পর্যায়ে রোমিং-সুবিধা চালুর জন্য তৈরি নীতিমালা অনুযায়ী বাংলাদেশসহ অন্যান্য দেশের কোম্পানিগুলোই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
ফ্রেডরিক বাকসাস শুরুতেই জানান, বিশ্বের ১৩টি দেশে টেলিনরের ১৮ কোটি ৬০ লাখ মোবাইল গ্রাহক রয়েছে। এ বিষয়ে তাঁর দেখানো চিত্র অনুযায়ী, এককভাবে টেলিনরের সবচেয়ে বেশি গ্রাহক বাংলাদেশে, ৫ কোটি ১৫ লাখ। এ ছাড়া ভারতে ৩ কোটি ৬৭ লাখ ও পাকিস্তানে ৩ কোটি ৬৫ লাখ গ্রাহক আছে তাঁদের। এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে গ্রাহক আছে ২ কোটি ৮০ লাখ, মালয়েশিয়ায় ১ কোটি ১৪ লাখ ও মিয়ানমারে ৩৪ লাখ। ইউরোপের দেশগুলোর মধ্যে হাঙ্গেরিতে টেলিনরের গ্রাহক ৩৩ লাখ, বুলগেরিয়ায় ৩৯ লাখ, মন্টেনিগ্রো-সার্বিয়ায় ৩৬ লাখ, ডেনমার্কে ২০ লাখ, নরওয়েতে ৩২ লাখ ও সুইডেনে আরও ২৫ লাখ।
ফ্রেডরিক বাকসাস জানান, শুরুতে সুইডেনের গ্রাহকেরা পাবেন রোমিং-সুবিধা। এরপর এ সুবিধা পাবেন নরওয়ের গ্রাহকেরা। পুরো ইউরোপে সুইডেনের গ্রাহকেরা মাত্র ৩ দশমিক ১ ইউরোতে ১০০ মেগাবাইট ডেটা প্যাকেজ পাবেন এক দিনের জন্য।
ফ্রেডরিক বাকসাস আরও জানান, তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে টেলিনর রোমিং-সুবিধা চালু করছে। যেমন সহজপ্রাপ্যতা, ব্যয় নিয়ন্ত্রণ ও সহজ প্রক্রিয়া। সুবিধাটি এমনভাবে দিতে হবে, যাতে কেউ একবার ব্যবহার করে তা বন্ধ করে না দেন। খরচের বিষয়ে তিনি জানান, তিনটি অঞ্চলে ভাগ করে এর মূল্য নির্ধারণ করা হবে—যেমন ইউরোপ, বিশ্ব ও অন্যান্য দেশ। অন্যান্য দেশের মধ্যে পড়বে অল্প কয়েকটি দেশ। তিনি বলেন, সাধারণত ৭০ শতাংশ গ্রাহকই অন্য দেশে গিয়ে ডেটা রোমিং সুবিধা বন্ধ করে দেন। মূলত উচ্চমূল্য, অনিয়ন্ত্রণযোগ্য ও অস্পষ্ট বিলিং ব্যবস্থার কারণে ডেটা রোমিং খুবই কম হয়ে থাকে।
সবশেষে এক প্রশ্নের জবাবে ফ্রেডরিক বাকসাস বলেন, আগামী দিনের জন্য মোবাইল অপারেটরদের তিনটি বিষয়ে গুরুত্ব দিতে হবে। যেমন ভালো নেটওয়ার্ক, ভালো হ্যান্ডসেট ও নতুন নতুন সেবা। তিনি জানান, বিশ্বে এখন প্রবৃদ্ধির জন্য ভালো জায়গা হচ্ছে এশিয়া। ইউরোপের তুলনায় এশিয়া অনেক ক্ষেত্রেই অনেক বেশি গতিশীল। তিনি বলেন, টেলিনর এশিয়ার জন্য নতুন নতুন সেবা দিতে আগ্রহী। এ ক্ষেত্রে তিনি মোবাইল ব্যাংকিং আরও সম্প্রসারণের আগ্রহের কথা জানান।