সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে
করোনা মহামারির কারণে পাদুকাশিল্পের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। দেড় বছর স্কুল-কলেজ বন্ধ ছিল। বিপণিবিতান বন্ধ ছিল। বিয়েশাদিও হয়নি। সে কারণে পাদুকা ব্যবসা বেশ মন্দা ছিল। আবার করোনার আগে যা পাদুকা বিক্রি হয়েছিল, সে টাকাও পাননি ব্যবসায়ীরা।
করোনার ক্ষতি পুষিয়ে নিতে সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য প্রণোদনা ঘোষণা করে। কিন্তু ভৈরবের পাদুকাশিল্পের মালিকেরা সরকার ঘোষিত স্বল্প সুদের প্রণোদনা তহবিল থেকে এক টাকা ঋণও পাননি। ঋণের জন্য ব্যাংকে যোগাযোগ করা হলে নানা ধরনের শর্ত জুড়ে দেওয়া হয়। এসব শর্ত মেনে ঋণ পাওয়া আমাদের মতো ব্যবসায়ীদের জন্য খুবই কঠিন।
ভৈরবের পাদুকাশিল্পকে বাঁচাতে হলে ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও তার প্রভাব রয়ে গেছে। করোনার এ প্রভাব কাটিয়ে ওঠা কঠিন। স্বল্প সুদে ঋণ না পেলে এ শিল্পের অনেকে দেউলিয়া হয়ে যাবেন। বেকারত্ব বাড়বে।
এ ছাড়া এ শিল্পে দক্ষ জনবলের বেশ অভাব রয়েছে। দক্ষ জনবল তৈরির জন্য একটি কমন ফ্যাসিলিটি সেন্টার (সিএফসি) করা জরুরি। দীর্ঘদিন ধরে শুনে আসছি ভৈরবে কমন ফ্যাসিলিটি সেন্টার করা হবে। কিন্তু এখনো সেটি বাস্তব রূপ পায়নি।
ভৈরবের পাদুকাশিল্পের আরেকটি সমস্যা হলো এখানে বর্জ্য রাখার কোনো জায়গা নেই। এমন এক দিন আসবে, এ বর্জ্যের কারণে পুরো ভৈরব দূষিত হবে। আমরা সরকারের কাছে আবেদন করেছি বর্জ্য রাখার জন্য জায়গা দেওয়ার। পৌরসভাও চাইলে আমাদের জায়গার ব্যবস্থা করতে পারে। পাদুকাশিল্প ও এখানকার কারখানার উন্নয়নে আমরা সরকারের সুদৃষ্টি আশা করি। ভৈরবে এ শিল্পে এখন যন্ত্রের ব্যবহার বাড়ছে। এটি ইতিবাচক দিক। এতে উৎপাদনও বাড়বে। দেশের চাহিদা পূরণ করে তখন আরও বেশি পরিমাণে পাদুকা রপ্তানি করা যাবে।
আল আমিন মিয়া
সভাপতি, ভৈরব পাদুকা মালিক সমিতি