কেমন বাজেট চাই
সহজ শর্তে ঋণের ব্যবস্থা চাই
২০২২–২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে আজ। বাজেট ঘিরে সাধারণ মানুষ চান জীবনযাত্রার ব্যয় কমুক। দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে থাকুক। আর তরুণ উদ্যোক্তারা চান সহজে ঋণসুবিধা। দিনমজুর বা খেটে খাওয়া মানুষেরা চান সুচিকিৎসার বন্দোবস্ত। শিক্ষার্থীরা চান শিক্ষার মান বাড়ুক। নতুন বাজেট সামনে রেখে বিভিন্ন শ্রেণি–পেশার ছয় ব্যক্তির কাছে জানতে চাওয়া হয় তাঁদের প্রত্যাশা সম্পর্কে। সেসব নিয়েই এই আয়োজন।
আমাদের দেশে ব্যাংক ঋণ থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রণোদনা সুবিধা মূলত বড় উদ্যোক্তাদের লক্ষ্য করে দেওয়া হয়। আমি গত ৮-৯ বছরে এমনটাই দেখে আসছি, তাই একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আসছে বাজেটে কর প্রদান ও ব্যাংক ঋণ নিয়ে আমার দুটি প্রস্তাব আছে। এক. আসছে বাজেটে আমি ও আমার মতো স্বল্প আয়ের ব্যবসায়ীদের জন্য থোকভিত্তিক কর–ব্যবস্থা প্রবর্তন করা। উদ্যোক্তাদের আয় অনুসারে কয়েকটি শ্রেণিতে ভাগ করে পৃথক কর–কাঠামোর মধ্যে নিয়ে আসা গেলে সবার জন্য সুবিধা হবে। যিনি ৫০ লাখ টাকা বার্ষিক আয় করবেন, তাঁর এক ধরনের করহার থাকবে; আর যারা এক কোটি বা পাঁচ কোটি টাকা আয় করবেন, তাঁদের জন্যও আলাদা কর কাঠামো থাকবে। আমরা তরুণ ক্ষুদ্র উদ্যোক্তারা কর মওকুফ চাই না, আয় অনুসারে কর ছাড় চাই। যাদের ব্যবসায়িক পরিধি এখনো ছোট, তাদের পক্ষে স্বল্প মুনাফা থেকে বড় ব্যবসায়ীদের মতো উচ্চ হারে কর দেওয়া কষ্টকর।
দুই. এ ছাড়া সরকারি প্রণোদনা ও সহজ শর্তে ব্যাংক ঋণের জন্য বাজেটে পৃথক বরাদ্দের প্রস্তাব করছি। আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো এখনো ক্ষুদ্র উদ্যোক্তাবান্ধব হয়ে ওঠেনি। তাঁরা নতুন উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে চায় না। ব্যাংকগুলো বলে, ‘দুই বছর ব্যবসা করে আসেন, তারপর ঋণ দেওয়া যাবে।’ কিন্তু খুব কমসংখ্যক উদ্যোক্তার পক্ষে এই দুই বছর ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হয়। ফলে অনেক ভালো উদ্যোগও শুরুতেই হারিয়ে যায়। তাই নতুন উদ্যোক্তাদের সহজ শর্তে ব্যাংক ঋণ সুবিধা দিতে আসছে বাজেটে পৃথকভাবে অর্থ বরাদ্দের দাবি জানাচ্ছি।