সহজে ঋণ পাওয়ার মুদ্রানীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতিউর রহমান
আতিউর রহমান

যদি আপনি একজন উদ্যোক্তা হন, শিল্প স্থাপনে আগ্রহী হন—তাহলে আপনার জন্য আগের চেয়ে বেশি টাকার সংস্থান রেখেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক চায় আপনি অধিক হারে ব্যাংক থেকে ঋণ নেন ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ করুন। সে জন্য নীতি সহায়তার মাধ্যমে ঋণ প্রাপ্তি নিশ্চিত করবে বাংলাদেশ ব্যাংক। কারণ, আপনার মতো উদ্যোক্তার ঋণ গ্রহণের ওপর অনেকাংশে নির্ভর করছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির সফলতা।
বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য যে মুদ্রানীতি ঘোষণা করেছে, তাতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৫ শতাংশ। অর্থাৎ আগের বছর যদি ব্যাংক ব্যবস্থা থেকে বেসরকারি খাতে ১০০ টাকা ঋণ গিয়ে থাকে, তাহলে চলতি বছর সেটি বাড়িয়ে ১১৫ টাকা করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
তবে সব খাতে ঢালাও ঋণ চলে যাক, সেটিও কাম্য নয় বাংলাদেশ ব্যাংকের। নির্বাচিত (সিলেকটিভ) খাতে বিশেষ করে রপ্তানিমুখী, উৎপাদনশীল ও পরিবেশবান্ধব শিল্প স্থাপনে আগের চেয়ে বাড়তি এ অর্থ বা ঋণ যাক। আগের (জানুয়ারি-জুন) মুদ্রানীতিতেও বেসরকারি খাতে সাড়ে ১৫ শতাংশ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করে শেষ পর্যন্ত সেটি অর্জন সম্ভব হয়নি। বছর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের মতে, মুদ্রানীতিতে সংযত ও সতর্ক ভঙ্গি বজায় রেখে ঋণ জোগান প্রবৃদ্ধির পর্যাপ্ততার দিকে নজর রাখা হচ্ছে।
এ তো গেল বিনিয়োগ বাড়াতে মুদ্রানীতিতে নেওয়া বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ। এর বাইরে সাধারণ মানুষকে স্বস্তি দিতে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার সুনির্দিষ্ট লক্ষ্যও ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে বলা হয়েছে, এখন পর্যন্ত সার্বিকভাবে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতিকে সাড়ে ৬ শতাংশের মধ্যে আটকে রাখা সম্ভব হয়েছে। চলতি অর্থবছরে তা ৬ দশমিক ২ শতাংশে রাখার লক্ষ্য ঠিক করা হয়েছে নতুন মুদ্রানীতিতে। সে সঙ্গে ৭ শতাংশ প্রবৃদ্ধিকে মাথায় রেখেই প্রবৃদ্ধি সহায়ক মুদ্রানীতি করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় ব্যাংকের।
তবে বাংলাদেশ ব্যাংক এও বলেছে, খাদ্য ও জ্বালানিবহির্ভূত মূল্যস্ফীতি গত মে মাস থেকে ঊর্ধ্বমুখী। তাই সেটিকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার লক্ষ্যে সাজানো হয়েছে এবারের মুদ্রা সরবরাহ-সংক্রান্ত নীতিটি। গভর্নরের মতে, গরিবের প্রধান শত্রু মূল্যস্ফীতি। আর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতেই মুদ্রানীতিতে সতর্ক ভঙ্গি রাখা হয়েছে।
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল সকালে নতুন এ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আতিউর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল, পরিবর্তন ব্যবস্থাপনা (চেঞ্জ ম্যানেজমেন্ট) উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী, ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, আবু হেনা মোহা. রাজি হাসান ও নাজনীন সুলতানা।
বাংলাদেশ ব্যাংক বলছে, আগের মুদ্রানীতিরই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে এবারের মুদ্রানীতিতে। তাদের দাবি, ঘোষিত মুদ্রানীতিটি ক্ষেত্রবিশেষে নমনীয়, প্রবৃদ্ধি সহায়ক ও সর্বোপরি বিনিয়োগবান্ধব।
গভর্নর বলেছেন, মুদ্রানীতির ক্ষেত্রে সংযত ও সতর্ক ভঙ্গি বজায় রাখা হলেও প্রয়োজনীয় এবং সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক কিছু খাতে বেশ নমনীয় নীতি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে উৎপাদনমুখী শিল্পে পর্যাপ্ত অর্থায়নের জোরালো নীতি সমর্থন অব্যাহত থাকবে।
উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পকে উৎসাহিত করতে স্বল্প সুদে ঋণ দিতে ৫০ কোটি ডলারের বা প্রায় চার হাজার কোটি টাকার আলাদা দুটি তহবিল গঠনেরও ঘোষণা দিয়েছেন গভর্নর। গভর্নর জানান, নতুন শিল্প স্থাপন, বিদ্যমান শিল্পের আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বিশ্বব্যাংকের সহায়তায় ৩০ কোটি ডলার বা প্রায় আড়াই হাজার কোটি টাকার (প্রতি ডলারের বিনিময়মূল্য ৭৯ টাকা ধরে) একটি তহবিল গঠন করা হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নিজস্ব বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতের অর্থে গড়ে তোলা হবে ২০ কোটি ডলার বা প্রায় দেড় হাজার কোটি টাকার তহবিল। আর এ তহবিল থেকে কম সুদে ঋণ সহায়তা দেওয়া হবে পরিবেশবান্ধব বা গ্রিন শিল্প স্থাপনে।