
কর প্রদানের ব্যবস্থা আরও সহজ করার তাগিদ দেওয়া হয়েছে। করদাতাদের হয়রানি বন্ধ করে করসেবার পরিসর বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
জাতীয় আয়কর দিবস উপলক্ষে গতকাল রোববার অনুষ্ঠিত সম্মাননা ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব পরামর্শ দেন। সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ, এনবিআরের সদস্য বশিরউদ্দিন আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন।
অনুষ্ঠানে ২০১১-১২ অর্থবছরের জন্য ঢাকার দুই সিটি করপোরেশন ও ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোর সর্বোচ্চ করদাতা ও দীর্ঘ সময় ধরে কর দেন এমন করদাতাদের সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। আর ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরের জন্য সর্বোচ্চ ১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সনদ দেওয়া হয়। গতকালের অনুষ্ঠানে মোট ৮৫ জন করদাতা এই সম্মাননা পান। এ ছাড়া একই দিন দেশের সব জেলায় একই অনুষ্ঠানে পাঁচজন করে করদাতাকে সম্মাননা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, কর কর্মকর্তাদের দেখলে যাতে করদাতারা ভয় না পান, কর প্রদানে উদ্বুদ্ধ হন, সে চেষ্টাই করা হচ্ছে। কর প্রদানের ব্যবস্থা সহজ করতে হবে। হয়রানি বন্ধ করতে হবে। সমাজের কাছে দেনা পরিশোধে কর দিতে হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘করপোরেট কর যৌক্তিক নয়। এটা দুষ্টু কর। আমি যাওয়ার আগে পরবর্তী সময়ে যাঁরা আসবেন, তাঁদের জন্য করপোরেট করের সংস্কার নিয়ে নির্দেশনা দিয়ে যাব।’
কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, ‘সন্ত্রাসমুক্ত, করবান্ধব পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা দেন, ব্যবসায়ীরা আগের চেয়ে আরও বেশি কর দেবেন। এ জন্য উৎসাহব্যঞ্জক ও নির্ঝঞ্ঝাটভাবে কর দেওয়ার ব্যবস্থা করতে হবে।’
অনুষ্ঠানে এনবিআরের সদস্যদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগের পরামর্শ দেন শাহ জিকরুল আহমেদ।
এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘অতিরিক্ত কর আদায়ে পক্ষপাতী আমরা নই। আমরা একটি করবান্ধব পরিবেশ দিতে চাই। অর্থনীতিতে আয়করের অবদান বাড়ছে, করজাল বাড়িয়ে এটা বাড়ানো দরকার।’
গোলাম হোসেন জানান, রাজধানী ঢাকা শহরে ৭০ হাজার বাড়িওয়ালা ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, যারা করযোগ্য। অচিরেই তাদের করজালে আনা হবে। বাংলাদেশে ৬০ লাখ করদাতা থাকা উচিত বলে তিনি মনে করেন।
সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পাওয়া সালাউদ্দিন কাশেম খান করদাতাদের পক্ষে বলেন, প্রতিবছর ১৮ থেকে ২০ হাজার কোটি টাকা জাকাত দেওয়া হয়। এসব জাকাতদাতার কর রেয়াত-সুবিধা দেওয়া উচিত, যা মালয়েশিয়ায় রয়েছে। এ ছাড়া সামাজিক কল্যাণ কার্যক্রমে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) সুযোগ রাখা উচিত। তিনি হয়রানিমুক্ত কর প্রদানের ব্যবস্থা তৈরির আহ্বান জানান।
এদিকে জাতীয় কর দিবস উপলক্ষে গতকাল সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে এনবিআর। শোভাযাত্রাটি সকালে এনবিআরের সেগুনবাগিচার কার্যালয় থেকে শুরু হয়ে মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেসক্লাব হয়ে আবার তা রাজস্ব ভবনে ফিরে আসে। এ ছাড়া শোভাযাত্রায় সমাজের নানা শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।
সর্বোচ্চ করদাতা ও প্রতিষ্ঠান
২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরের জন্য ১০ জন ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সনদ দেওয়া হয়েছে। তবে সিংহভাগ প্রতিষ্ঠান ও ব্যক্তিই পরপর দুই বছর এই সম্মাননা লাভ করেছেন।
যাঁরা ২০১১-১২ অর্থবছরের জন্য ট্যাক্স কার্ড পেলেন তাঁরা হলেন ঢাকার মোহাম্মদ ইউসুফ, এম এ হায়দার হোসেন, খাজা তাজমহল, এম এম আমজাদ হোসেন ও কাউছ মিয়া; চট্টগ্রামের সালাউদ্দিন কাশেম খান, এ এম জিয়াউদ্দিন খান, সদর উদ্দিন খান, এ কে এম শামসুদ্দিন খান ও রংপুরের মোতাজ্জেরুল ইসলাম। এর আগের অর্থবছরে এই ১০ জনের মধ্যে নয়জনই রয়েছেন। শুধু চট্টগ্রামের সদর উদ্দিন খান বাদ পড়ে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন শহীদুল ইসলাম।
রংপুরের করদাতা মোতাজ্জেরুল ইসলাম ২০১১-১২ করবর্ষে ব্যক্তি পর্যায়ের সর্বোচ্চ করদাতা হয়েছেন। তিনি বিভিন্ন হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহের ব্যবসায়ী হিসেবে পরিচিত। ২০১০-১১ করবর্ষে তিনি এই তালিকায় দশম স্থানে ছিলেন।
চট্টগ্রামের এ কে খান অ্যান্ড কোম্পানির কর্ণধারেরা জাতীয় পর্যায়ে দুই করবর্ষেই সর্বোচ্চ ১০ করদাতার তালিকায় রয়েছেন। কোম্পানির চেয়ারম্যান এ কে শামসুদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান, উপব্যবস্থাপনা পরিচালক জিয়া উদ্দিন খান ও পরিচালক সদর উদ্দিন খান। এঁদের মধ্য থেকে শুধু সদরউদ্দিন খান ২০১০-১১ করবর্ষের শীর্ষ ১০ করদাতার তালিকায় নেই। আর এই করবর্ষে তালিকার প্রথম তিনজনই এই পরিবারের।
২০১১-১২ অর্থবছরের জন্য যেসব প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয় সেগুলো হলো: শেভরন, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার, আমেরিকান লাইফ ইনস্যুরেন্স, সিটিব্যাংক এনএ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, এ কে খান কোম্পানি লিমিটেড ও বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড।
তবে এর আগের বছরের তালিকায় বাদ পড়েছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি। আর সে জায়গায় নাম এসেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের।
এদিকে চট্টগ্রাম অঞ্চলেও সর্বোচ্চ ও দীর্ঘ সময় ধরে আয়কর প্রদানকারী ২৭ জনকে সম্মাননা দিয়েছে আয়কর বিভাগ।
জাতীয় আয়কর দিবসে গতকাল রোববার চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার এসব ব্যক্তির হাতে সম্মাননা তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। আগ্রাবাদের সড়ক ও জনপথ বিভাগের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে আয়কর বিভাগ। চট্টগ্রাম কর অঞ্চল-১-এর কমিশনার দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এনবিআরের সদস্য মাহবুবুর রহমান, সম্মাননাপ্রাপ্ত আয়করদাতা সাংসদ আবদুর রহমান বদিসহ হাবিব উল্লাহ খান, যতীন দাশ বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় দীর্ঘ সময় ও সর্বোচ্চ আয়করদাতা বিভাগে সম্মাননা পাওয়া তিনজন এ কে খান পরিবারের। তাঁরা হলেন সালাউদ্দিন কাশেম খান, সদর উদ্দিন খান ও এ এম জিয়া উদ্দিন খান।
কর মেলা আজ শুরু
আজ সোমবার থেকে আয়কর মেলা শুরু হচ্ছে। ২২ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীসহ সারা দেশের বিভিন্ন বিভাগীয় শহরে আর এই সময়কালের মধ্যে দুই দিন প্রতি জেলায় কর মেলা অনুষ্ঠিত হবে।
রাজধানীর অফিসার্স ক্লাবে কর মেলা অনুষ্ঠিত হবে। এবারের কর মেলায় ই-টিআইএন নিবন্ধন, আয়কর বিবরণী জমা ও পূরণে সহায়তাসহ সব ধরনের আয়কর সেবা দেওয়া হবে বলে রাজস্ব বিভাগের কর্মকর্তারা জানান।