অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলছেন, ব্যবসায়ীরা যাতে সহজভাবে কর প্রদান করতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। কর প্রদানে ব্যবসায়ীদের হয়রানি সহ্য করা হবে না। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জিয়া হলে স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচির উদ্বোধন ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা কর অঞ্চল-১-এর কর কমিশনার এম এ কাদের সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শম্ভুনাথ দাশ, নারায়ণগঞ্জ সার্কেল-১-এর সহকারী কর কমিশনার হাফিজুর রহমান সরকার, নারায়ণগঞ্জ ট্যাক্সেস বারের সভাপতি অজয় কিশোর মোদক ও সাধারণ সম্পাদক ননী গোপাল, বিশিষ্ট ব্যবসায়ী কাশেম জামাল ও প্রবীর কুমার সাহা, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি গোপাল রায় প্রমুখ।অনুষ্ঠানে কাদের সরকার জানান, এই কর্মসূচির আওতায় তিন হাজার ২৩২ জন করদাতা নিজ উদ্যোগে আয়কর বিবরণী দাখিল করেন এবং মোট ৬৪ লাখ ৭৪ হাজার টাকা কর প্রদান করেন। অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে করদাতাদের সনদ প্রদান করা হয়।