সহজে শিল্প স্থাপনে ভূমি ব্যাংক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ ও শিল্পায়নের জন্য ভূমি ব্যাংক বা ল্যান্ড ব্যাংক গঠন করা হচ্ছে। তবে প্রচলিত ব্যাংকগুলোর মতো কোনো ব্যাংক হবে না এটি। এ ব্যাংকের নিবন্ধনও নিতে হবে না বাংলাদেশ ব্যাংক থেকে।
সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত ভূমি বা জমির পরিমাণ, জমির তালিকা এবং সেই জমি কীভাবে শিল্পায়নের কাজে লাগতে পারে—দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে এসব তথ্য সহজভাবে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে গঠন করা হচ্ছে ভূমি ব্যাংক।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রথম পরিচালনা পর্ষদের বৈঠকে ভূমি ব্যাংকের নানা দিক নিয়ে আলোচনা হয়। সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি বিনিয়োগ ও শিল্পায়নে ব্যবহারের যে খসড়া বিধিমালা উপস্থাপন করা হয়েছে বৈঠকে, তাতেও ভূমি ব্যাংকের কথা উঠে এসেছে।
সদ্য বিলুপ্ত বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশনের একীভূত রূপ বিডা গত ১ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে। সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম।
বৈঠকে উপস্থাপিত খসড়া বিধিমালায় বলা হয়েছে, সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি অধিকতর অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য একটা ভূমি ব্যাংক করা হবে। ইচ্ছুক বিনিয়োগকারীরা এ ব্যাংক থেকে তাঁদের প্রয়োজনীয় জমি খুঁজে নিতে পারবেন। জমি বরাদ্দ দেওয়া হবে অর্থনৈতিক অঞ্চল, শিল্প পার্ক বা বিশেষায়িত শিল্পের জন্য।
বিধিমালায় আরও বলা হয়, সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ভূমি ব্যাংকের আওতায় রাখবে। শিল্পায়নের স্বার্থে সরকারের অধিগ্রহণ করা জমি এবং ব্যক্তি খাতের কেউ যদি নিজের জমিতেও শিল্প স্থাপন করতে চান, ভূমি ব্যাংকের মাধ্যমে সার্বিকভাবে সহায়তা করা হবে।
শিল্প এলাকার জন্য জমি অধিগ্রহণ বিষয়ে খসড়ায় বলা হয়েছে, যে উদ্দেশ্যে জমি অধিগ্রহণ করা হবে, সেই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কাজে ওই জমি ব্যবহার করা যাবে না। করতে গেলে বিডার অনুমোদন লাগবে।
সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত জমির দাম ১০০ কোটি টাকার মধ্যে হলে বিডা নিজেই হস্তান্তরের সিদ্ধান্ত নিতে পারবে। এর বেশি হলে তা উপস্থাপন করা হবে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে।
তবে হস্তান্তরের আগে হিসাববিদ (সিএ), জরিপকারী প্রতিষ্ঠানের মাধ্যমে জমির মূল্যায়ন করিয়ে নিতে হবে। মূল্যায়নের জন্য বিডা ক্ষেত্রবিশেষে দেশি-বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিতে পারবে।
হস্তান্তর বা বরাদ্দ দেওয়ার জন্য বিস্তারিত বিবরণ ভূমি ব্যাংকে তুলে ধরা হবে, যা বিডার ওয়েবসাইটেই দেওয়া থাকবে।
সরকারি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি দরপত্র আহ্বানের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে দেওয়া হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়। বলা হয়, দরদাতার কাছে হস্তান্তরের ইচ্ছাপত্র জারির ৩০ দিনের মধ্যে মোট মূল্যের ৩০ শতাংশ পে-অর্ডার বা ড্রাফটের মাধ্যমে বিডা তহবিলে জমা দিতে হবে। বাকি অর্থ দেওয়া যাবে ৫ শতাংশ সরল সুদসহ ছয় কিস্তিতে পরের তিন বছরের মধ্যে। তবে ৩০ দিনের মধ্যে পুরো টাকা দিতে পারলে সরকার ১০ শতাংশ রেয়াত সুবিধা দেবে।
জমির কোনো দায়দেনা বরাদ্দ গ্রহীতাকে বহন করতে হবে না। মওকুফ বা অন্য কোনো নিষ্পত্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চলতি ও দীর্ঘমেয়াদি সব দায়দেনা বহন করবে সরকার। হস্তান্তরের আগে শ্রমিক-কর্মচারীদের ন্যায্য পাওনাও সরকার মেটাবে।
২০১৬-২১ সময়ের খসড়া শিল্পনীতিতেও ভূমি ব্যাংক প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ এ ব্যাপারে কয়েক মাস আগে সাংবাদিকদের বলেছিলেন, দেশি-বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগ করতে গিয়ে প্রথমেই হোঁচট খান জমি না পেয়ে। ভূমি ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগকে তাই তিনি স্বাগত জানান।
বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বর্তমানে হাঙ্গেরি রয়েছেন। যাওয়ার আগে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘শিল্প স্থাপনের জমির জন্য আমরা নানা উদ্যোগ নিচ্ছি। ভূমি ব্যাংক হচ্ছে এর মধ্যে একটি।’ শিল্পায়ন ও দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে যাত্রার শুরু থেকেই বিডা তৎপর বলে জানান সংস্থাটির চেয়ারম্যান।