ব্যাংকিং সম্মেলনে ব্যাংকের এমডি ও চেয়ারম্যানদের একজোট হওয়া প্রসঙ্গে ইব্রাহিম খালেদ
সহযোগিতা ভালো, তবে জোট বাঁধা অনৈতিক

ব্যাংকের উদ্যোক্তা ও পেশাজীবী দুই-ই পৃথক সত্তা। তাঁদের দায়িত্বও পৃথক। ব্যাংকের স্বার্থে তাঁরা উভয়ে মিলে কাজ করতে পারেন। কিন্তু নির্দিষ্ট কারও স্বার্থে তাঁরা একজোট হতে পারেন না। এ ধরনের জোট দুইয়ের মধ্যে ভারসাম্য বিপন্ন করে ও প্রতিষ্ঠানের সংহতিতে ক্ষত সৃষ্টি করে। তাই দুইয়ের মধ্যে সহযোগিতা থাকা ভালো, তবে একজোট হওয়া অনৈতিক ও অপবিত্র।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট আয়োজিত বার্ষিক ব্যাংকিং সম্মেলনে শেষ দিনে মূল প্রবন্ধে এসব তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ।
ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি ও ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি সম্প্রতি একজোট হয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে বেশ কিছু লিখিত দাবি পেশ করে। এ নিয়ে ‘ব্যাংক উদ্যোক্তাদের সাম্প্রতিক দাবি: একটি নিবিড় পর্যালোচনা’ শীর্ষক মূল প্রবন্ধে ইব্রাহিম খালেদ বলেন, পরিচালক হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না রাখার দাবি জানিয়েছেন ব্যাংকের উদ্যোক্তারা। আইনেই ব্যাংকের পরিচালক হওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেওয়ার বিধান রয়েছে। সাংসদ পদে লড়াইয়ের আগে তাঁদের ঋণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক অনুমোদন লাগে। তাঁরাও তো জনগণের ভোটে নির্বাচিত হন। তাঁদের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হলে ব্যাংক পরিচালকেরা কেন বিব্রত হচ্ছেন। এটা নিশ্চিত করতে হবে যে একজন ব্যাংক পরিচালক ঋণখেলাপি নন।
কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা প্রসঙ্গে ইব্রাহিম খালেদ বলেন, বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন। বাংলাদেশের প্রেক্ষাপটে তা আরও বেশি। বাংলাদেশ ব্যাংকের আগের আইনে সরকার মুদ্রানীতি নিয়ে পরামর্শ দিয়ে থাকত। এখন কেন্দ্রীয় ব্যাংককে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দেওয়ার আইনত কোনো অধিকার সরকারের নেই। তাই ব্যাংক উদ্যোক্তাদের দাবি অর্থ মন্ত্রণালয় বিবেচনায় নিতে পারে না।
উদ্যোক্তা পরিচালকদের মেয়াদ প্রসঙ্গে ইব্রাহিম খালেদ বলেন, আইন অনুযায়ী পরিচালকেরা দুবারের বেশি পদে থাকতে পারেন না। উদ্যোক্তারা নিজেদের ক্ষেত্রে এটি বাতিলের দাবি জানিয়েছেন। একটি নির্দিষ্ট গ্রুপের হাতে যেন ব্যাংক চলে না যায়, এ জন্য এমন নিয়ম রাখা হয়েছে। কোনো ব্যাংক ব্যর্থ হলে উদ্যোক্তারা ১০ শতাংশ ভুগবেন, গ্রাহকেরা বেশি বিপদে পড়বেন। উদ্যোক্তারা নিজেদের স্বার্থ দেখতে পরিচালনা পর্ষদে বসেন, তবে আমানতকারীদের স্বার্থ দেখার কেউ নেই। এ জন্য সব দেশের কেন্দ্রীয় ব্যাংককে আমানতকারীদের স্বার্থ দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাংক উদ্যোক্তাদের এমন দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পরিবারের সংজ্ঞা ও শ্রমিক কল্যাণ তহবিল বিষয়ে ইব্রাহিম খালেদ বলেন, শ্রমিকদের সহযোগিতার জন্য তহবিল গঠন করা হয়েছে। কিন্তু ব্যাংক উদ্যোক্তারা বলছেন, ব্যাংক কর্মকর্তারা শ্রমিক নন। তহবিলের স্বার্থে শ্রমিক আইনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুনাফার ভাগ দেওয়া মূলত সামাজিক সমতা থেকেই এসেছে। জিডিপির ৫০ শতাংশ সেবা খাত থেকে আসে। তাই এ খাতটি সামাজিক সমতার অংশ থেকে বিচ্যুত হতে পারে না। এ ছাড়া একই পরিবারের মধ্যে ব্যাংকের শেয়ার কেন্দ্রীভূত হয়ে পড়লে গ্রাহকদের স্বার্থ বিপন্ন হয়ে পড়বে।
প্রশ্নের জবাবে ইব্রাহিম খালেদ বলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা হলেন জিম্মাদার। কোনো পরিচালক সমস্যা তৈরি করলে তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংককে জানানো। কিন্তু এখন দেখা যাচ্ছে, কোনো পরিচালক ঋণ না পেলে অন্য ব্যাংক থেকে নেওয়ার ব্যবস্থা করে দেন এমডিরা। এটাই হলো একজোট হওয়া। ব্যাংকগুলোর ৯০ শতাংশ মূলধনের মালিক আমানতকারীরা। এটা দেখভালের জন্য বাংলাদেশ ব্যাংককে ক্ষমতা দেওয়া হয়েছে। জনগণের অর্থের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের।
সভাপতির বক্তব্যে তৌফিক আহমদ চৌধুরী বলেন, ব্যাংকের উদ্যোক্তারা যেসব দাবি তুলছেন, এসব আগেই নিষ্পত্তি হয়ে গেছে। এসব দাবিতে কেন পেশাজীবী ও উদ্যোক্তারা এক হয়ে গেলেন, এটা বোধগম্য নয়।