সহযোগী কোম্পানির বিধিবহির্ভূত বিনিয়োগ প্রত্যাহার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর যেকোনো সহযোগী বা সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে হলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। আর ইতিমধ্যেই নিয়মবহির্ভূত ব্যবসায় বিনিয়োগ করার উদ্দেশ্যে যেসব সাবসিডিয়ারি কোম্পানি গঠন করে বিনিয়োগ করা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা প্রত্যাহার করতে হবে।কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে গতকাল এসব নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, বেশ কয়েকটি অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নতুন নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠন করে আইনবহির্ভূত বিনিয়োগে বিশেষ করে, হাউজিং ও ডেভেলপার ব্যবসায় এসব বিনিয়োগ করা হয়েছে। আইনবহির্ভূত এ ধরনের বিনিয়োগ আর্থিক প্রতিষ্ঠানকে ঝুঁকির মধ্যে ফেলছে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। এরই পরিপ্রেক্ষিতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঝুঁকিপূর্ণ এসব বিনিয়োগ প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রগুলো জানায়। কোনো প্রতিষ্ঠান বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিনিয়োগ প্রত্যাহারে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাতে বলা হয়েছে, সাবসিডিয়ারি কোম্পানি গঠন করে ‘আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩’ এর আওতাবহির্ভূত বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করার প্রবণতায় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। ঝুঁকি কমাতে আর্থিক প্রতিষ্ঠানের যেকোনো সাবসিডিয়ারি কোম্পানি গঠন করার আগে কোন ধরনের কাজ করা হবে, তা অনুমোদন নিতে নির্দেশনায় বলা হয়েছে।