সহায়ক বাজেট চান নারী উদ্যোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেটকে নারী উদ্যোক্তাবান্ধব বাজেট হিসেবে দেখতে চান দেশের নারী উদ্যোক্তারা। এ জন্য বাজেটে তাঁরা যেমন নারী উদ্যোক্তাদের জন্য বেশি বরাদ্দ চান, তেমনি চান বিশেষ শিল্পপার্কও।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত ‘আসন্ন জাতীয় বাজেট ২০১৪-২০১৫: নারী উদ্যোক্তাদের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে নারী উদ্যোক্তাদের এমন মত উঠে এসেছে।
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী দেশের নারী ও নারী উদ্যোক্তাদের নিয়ে একটি জাতীয় তথ্যভান্ডার তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এটি হলে নারীর ক্ষমতায়ন ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন সহজ হবে।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, ব্যাংক সুদের হার কমানোর ক্ষেত্রে এফবিসিসিআই সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।
স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষ থেকে সহজ শর্তে নারীদের জন্য ১০ লাখ টাকা করে উদ্যোক্তা ও প্রকল্প ঋণ দেওয়ার ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নাসরীন চৌধুরী আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য সরকারকে আরও বেশি অর্থ বরাদ্দ দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ চেম্বারের সাবেক পরিচালক প্রীতি চক্রবর্তী বলেন, নারীরা এখন ব্যষ্টিক অর্থনীতি থেকে শুরু করে সামষ্টিক অর্থনীতিতে কাজ করছে। এ কাজ আরও এগিয়ে নিতে নারীদের জন্য এক অঙ্কের সুদে ব্যাংক ঋণ দেওয়ার দাবি জানান তিনি।
এফবিসিসিআইয়ের সহসভাপতি মনোয়ারা হাকিম আলী নারী উদ্যোক্তাদের বর্তমান অবস্থা নিয়ে সরকারকে একটি গবেষণা প্রতিবেদন তৈরির আহ্বান জানান।
এফবিসিসিআইয়ের আরেক সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, নারী উদ্যোক্তাদের জন্য সরকারকে একটি বিশেষ তহবিল তৈরি করে তা থেকে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা প্রয়োজন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (শুল্কনীতি) ফরিদ উদ্দিন বলেন, নারী উদ্যোক্তাদের ব্যবসার ক্ষেত্রে কর, শুল্ক ও মূসক-সংক্রান্ত সুনির্দিষ্ট প্রস্তাবনা এনবিআর অগ্রাধিকারভিত্তিতে বিবেচনা করবে। এ-সংক্রান্ত প্রস্তাবনা এনবিআরে দেওয়ার আহ্বান জানান তিনি।