ডিজাইন ও ল্যাবরেটরির উন্নয়ন, ফ্যাশন স্টোর স্থাপন এবং পণ্যে মূল্য সংযোজনের মাধ্যমে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় দ্বিগুণ করা সম্ভব।রাজধানীর নিকুঞ্জে নিটল-নিলয় টাওয়ারে গত সোমবার সন্ধ্যায় তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘নিটল-নিলয় এক্সপোর্ট হাউস’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত ক্রেতা-বিক্রেতা সম্মেলনে বক্তারা এ কথা বলেন।নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। অন্যান্যের মধ্যে বাংলাদেশে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রধান পিনাক রঞ্জন চক্রবর্তী, বিদেশি ক্রেতা দীনেশ শর্মা প্রমুখ বক্তব্য দেন। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বক্তারা বলেন, পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় নীতিসহায়তা পাওয়া গেলে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ পোশাক খাত থেকে পাঁচ হাজার কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে।