সহিংস রাজনীতি বন্ধে উদ্যোগী হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য সহিংস ও ধ্বংসাত্মক রাজনীতি বন্ধে ব্যবসায়ীদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সিলেট মেট্রোপলিটন চেম্বারের দেওয়া সংবর্ধনায় তিনি এই আহ্বান জানান। বিভাগীয় শহরটির এক হোটেলে গত বৃহস্পতিবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা উদ্যোগী হয়ে সহিংস ও ধ্বংসাত্মক রাজনীতি বন্ধে জনসচেতনতা সৃষ্টি করতে পারেন।
বিএনপিকে উদ্দেশ করে অর্থমন্ত্রী বলেন, হরতাল-অবরোধ ও নাশকতা এ দেশের জনগণ গ্রহণ করেনি। তাই এসব দেশবিরোধী কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে। এ ক্ষেত্রে ব্যবসায়ীদেরও জনসচেতনতা সৃষ্টির কাজে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ, ব্যবসায়ী আবদুল হান্নান চৌধুরী প্রমুখ। চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি হাসিন আহমদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনটির সহসভাপতি আফজাল রশিদ চৌধুরী।
অর্থমন্ত্রী শিগগিরই সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, উদ্যোক্তার অভাব থাকায় সিলেটে বিনিয়োগ না হয়ে দেশের অন্য স্থানে অর্থ চলে যায়। সিলেটে আরও বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এখানকার অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে হবে। স্থানীয় উদ্যোক্তাদের বিনিয়োগের ঝুঁকি নিতে হবে।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা সিলেট থেকে আবার অভ্যন্তরীণ পথে এবং সরাসরি লন্ডন পথে বিমানের উড্ডয়ন চালুর ব্যাপারে অর্থমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া অব্যাহত থাকার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নাশকতার শুরু এই বিচার-প্রক্রিয়াকে বন্ধ করার জন্য। যুদ্ধাপরাধীদের বিচার চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশকে আরও বেশি সতর্ক থাকতে হবে। যাতে কেউ কোনো ধরনের নাশকতা কিংবা জনগণের জানমালের ক্ষতিসাধন করতে না পারে।