সহিংসতা অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, গত বছরের আর্থিক খাতের বেশির ভাগ সূচকের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে হালের সহিংসতা ও অস্থিরতা অগ্রগতির ধারাকে বাধাগ্রস্ত করতে পারে।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে মহাব্যবস্থাপক সম্মেলনে গভর্নর এ কথা বলেন। আজ বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সব বিভাগ ও ১০টি শাখা অফিসের নির্বাহী পরিচালক ও মহাব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আতিউর রহমান। এতে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক আহমেদ জামাল।
আতিউর রহমান ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ও ব্যাংকের শাখা পর্যায়ের অনিয়মকে অস্বস্তিকর বলে উল্লেখ করেন। এসব বিষয়ের পুনরাবৃত্তি যাতে আর না ঘটে এবং ব্যাংকগুলো যেন গুণমানের ঋণ প্রদান ও সময়মতো ঋণের কিস্তি আদায় নিশ্চিত করে সেদিকে মহাব্যবস্থাপকদের নজর রাখার পরামর্শ দেন।