সহিংসতা চললে দেশ এগোবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক মাহমুদ চৌধুরী সাবেক প্রশাসক, সিলেট চেম্বার
ফারুক মাহমুদ চৌধুরী সাবেক প্রশাসক, সিলেট চেম্বার

অর্থবহ সংলাপের মধ্য দিয়ে দেশের চলমান রাজনৈতিক সংকট দ্রুত নিরসন করতে না পারলে উন্নয়ন ও অর্থনীতি পুরোপুরি ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন ফারুক মাহমুদ চৌধুরী। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক এই প্রশাসক মনে করেন, টানা অবরোধ-হরতালে ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ধস নেমেছে।
গত বৃহস্পতিবার ফারুক মাহমুদ চৌধুরী প্রথম আলোর সঙ্গে এক আলাপচারিতায় দেশের সহিংস পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সিলেটে শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী খুব একটা উৎপন্ন হয় না। তাই এসব সামগ্রী অন্যান্য জেলা থেকে আমদানি করতে হয়।
ফারুক মাহমুদ বলেন, দেশের বিভিন্ন স্থানে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত পাথর সরবরাহ হয় মূলত সিলেট অঞ্চল থেকে। অবরোধের কারণে এসব পাথর সরবরাহ হচ্ছে না। সিলেটে দুটি সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত সিমেন্টও বাজারজাত করা সম্ভব হচ্ছে না। ব্যাহত হচ্ছে কুটির ও ক্ষুদ্র শিল্পের উৎপাদন। হরতাল-অবরোধের প্রভাব পড়েছে দৈনিক মজুরির ভিত্তিতে যেসব শ্রমিক কাজ করেন, তাঁদের ক্ষেত্রেও। তাঁরাও কাজের অভাবে আয় থেকে বঞ্চিত হচ্ছেন।
সিলেট চেম্বারের সাবেক প্রশাসকের মতে, ক্ষুদ্র ও মাঝারি থেকে শুরু করে বিপণিবিতানের ব্যবসায়ীরা ক্রেতাদের অভাবে ভুগছেন। অথচ মাস শেষে ঠিকই কর্মচারীদের বেতন দিতে হবে। যেখানে তাঁরা আয় করে দোকান ভাড়াই পরিশোধ করতে পারবেন না, সেখানে কর্মচারীদের বেতন কীভাবে দেবেন?
ফারুক মাহমুদ বলেন, মহাত্মা গান্ধীর বদৌলতে ভারতবর্ষে হরতাল সংস্কৃতি চালু হয়েছিল। কিন্তু তিনি যখন দেখলেন, অহিংস কর্মসূচিটি সহিংসতায় রূপ নিচ্ছে, তখন নিজেই এটি বন্ধ করে দেন। বাংলাদেশেও অতীতে যে রাজনৈতিক দল হরতাল আহ্বান করত, তারা ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখতে ও চালকদের গাড়ি না চালাতে অনুরোধ জানাত। এখন হরতাল-অবরোধ ডেকেই জ্বালাও-পোড়াও-ভাঙচুর-মানুষ হত্যা শুরু করা হয়। এ সহিংসতা চলতে থাকলে দেশ কখনোই সামনে এগোতে পারবে না।