সহিংসতা পরিহারের দাবি চট্টগ্রামের ব্যবসায়ীদের
টানা অবরোধে ব্যবসা-বাণিজ্যের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই চিত্র তুলে ধরে ব্যবসায়ীরা এই জিম্মিদশা থেকে পরিত্রাণ চেয়েছেন। আন্দোলন কর্মসূচির নামে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছেন তাঁরা। এ জন্য প্রয়োজনে জাতীয় ঐকমত্য নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা।
চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে গতকাল রোববার এক মতবিনিময় সভায় এই তাগিদ দেন ব্যবসায়ীরা।
সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাব্যক্তিরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য পরিবহন নিরাপদ রাখতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। ব্যবসায়ীরা চাওয়া মাত্র পণ্যবাহী গাড়ি নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তাঁরা।
সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, হরতাল-অবরোধের কারণে আমদানি-রপ্তানি পণ্য, কাঁচামাল ও ভোগ্যপণ্য পরিবহন অনেকটাই স্থবির। টানা হরতাল-অবরোধের কারণে ব্যবসা-বাণিজ্যে ১৭ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এই পরিস্থিতি থেকে উত্তরণে চট্টগ্রাম চেম্বার থেকে নয় দফা প্রস্তাব দেন মাহবুবুল আলম। এসবের মধ্যে রয়েছে ক্ষয়ক্ষতির দায়ভার হরতাল-অবরোধ আহ্বানকারীদের নেওয়া; মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো; ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনে বন্দর, কাস্টমস ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর দাপ্তরিক কার্যক্রম সচল রাখা এবং বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে টাস্কফোর্স গঠন ইত্যাদি।
বিজিএমইএর প্রথম সহসভাপতি নাছিরউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, অবরোধে পোশাক খাতের সরবরাহব্যবস্থা ভেঙে পড়ছে। বিদেশিরা এখন মনে করছে যে বাংলাদেশে রপ্তানি আদেশ দেওয়া নিরাপদ নয়। এ কারণে তারা আদেশ দেওয়ার আগে চিন্তা করছে। কেউ কেউ অবশ্য পিছু হটছে।
চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, ‘যাঁদের জন্য এই সংকট তৈরি হয়েছে, তাঁদের আমরা এই সভায় হাজির করতে পারিনি।’
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম বলেন, নাশকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করতে ও সচেতনতা বাড়াতে মহাসড়কের পাশে প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হচ্ছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, এ ধরনের আন্দোলন দেশের ক্ষতি ছাড়া কোনো সুফল বয়ে আনবে না। এ জন্য জনসচেতনতা বেশি জরুরি।
পুলিশ সুপার কে এম হাফিজ আকতার বলেন, ‘অনেক ব্যবসায়ী আছেন, যাঁরা নাশকতা সৃষ্টির জন্য টাকা দিচ্ছেন। যারা মদদ দেয় তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’
সভায় চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক সৈয়দ ছগীর আহমদ, রাউজান উপজেলার চেয়ারম্যান এহসানুল হায়দার, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন প্রমুখ বক্তব্য দেন।