সহিংসতা বন্ধ না হলে দেশব্যাপী দোকানপাট বন্ধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহিংসতা বন্ধ না হলে কাঁচাবাজারসহ সারা দেশের সব দোকানপাট বন্ধ করে দেওয়ার কথা বলেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সংগঠনটির নেতারা বলেছেন, আলোচনার জন্য সময় চেয়ে আজ রোববার দুই নেত্রীর কাছে চিঠি দেওয়া হবে। তাঁরা সময় দিলে তাঁদের কাছে ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র তুলে ধরা হবে। আর সময় না দিলে এক সপ্তাহ অপেক্ষা করা হবে। এতেও সহিংসতা বন্ধ না হলে মানববন্ধন এবং অনশন কর্মসূচি পালন করবেন। চূড়ান্ত কর্মসূচি হিসেবে সব দোকানপাট বন্ধ করে দেবেন।
রাজধানীর এলিফ্যান্ট রোডের সুবাস্তু আর্কেড মার্কেটে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির কার্যালয়ে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে এমন হুমকি দেন দোকান মালিকেরা। সংবাদ সম্মেলনের যৌথ আয়োজক মহানগর দোকান মালিক সমিতিও।
চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে গতকাল সকালে এই দুই সমিতির নেতারা জরুরি বৈঠক করেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এস এ কাদের। বৈঠকের সিদ্ধান্ত নিয়েই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে এস এ কাদের বলেন, অবরোধের কারণে দোকানপাট খোলা থাকলেও ক্রেতা আসছে না। সারা দেশে ২৫ লাখ দোকান আছে। এসব দোকানে প্রতিদিন গড়ে ১২ হাজার টাকার বিক্রি হলে এর পরিমাণ দাঁড়ায় তিন হাজার কোটি টাকা। বিক্রির ১০ শতাংশ লাভ ধরলেও এর পরিমাণ ৩০০ কোটি টাকা। বর্তমানে দোকানে বিক্রি না হওয়ায় এই লাভটা হচ্ছে না। অন্যদিকে প্রতিদিন দোকানভাড়া বাবদ গড়ে ১৫০ টাকা করে খরচ হচ্ছে। ফলে অনেক দোকান মালিকই দেউলিয়া হওয়ার পথে। তিনি জানান, ২৫ লাখ দোকানে গড়ে তিনজন করে কর্মচারী ধরলেও দেশে মোট কর্মচারী আছেন ৭৫ লাখ। শ্রমিক ও মালিক মিলিয়ে এক কোটি পরিবার এসব দোকানের সঙ্গে সরাসরি জড়িত। আর প্রতি পরিবারে চারজন করে ধরলে এসব দোকানের ওপর চার কোটি মানুষের ভাগ্য জড়িত।
সংবাদ সম্মেলনে দোকানপাট বন্ধ করা ও দুই নেত্রীর সঙ্গে সাক্ষাৎসহ সাত দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এগুলো হলো: শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে দেওয়ার আবেদন জানিয়ে প্রত্যেক মার্কেটে ব্যানার টানানো; বিস্তারিত বক্তব্য তুলে ধরে লিফলেট বিলি; মানববন্ধন; অনশন এবং দোকান মালিকদেরও ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা।
কবে থেকে আন্দোলনে যাচ্ছেন—জানতে চাইলে এস এ কাদের বলেন, দুই নেত্রীর কাছে চিঠি দেওয়ার পর এক সপ্তাহ অপেক্ষা করা হবে। এর মধ্যেও কোনো সমাধান না হলে সারা দেশে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করা হবে। এর পরই চূড়ান্ত কর্মসূচি (দোকানপাট বন্ধ করা) পালিত হবে। এ সময় তিনি বলেন, ‘চূড়ান্ত কর্মসূচিতে গেলে আমরা আর পিছু হটব না। এখন যা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা কোন ধরনের আন্দোলন? পুড়িয়ে মানুষ মারা কোন ধরনের আন্দোলন? মুসলমান মুসলমানকে পুড়িয়ে মারতে পারে না। যে অবস্থা চলছে তাতে দেশের অস্তিত্ব বিলীন হতে চলেছে। এটা বন্ধ করতে হবে।’
সহিংসতা বন্ধে সংলাপের আহ্বান জানিয়ে এস এ কাদের বলেন, আলোচনার মাধ্যমে সমাধান হয় না এমন কোনো কিছু নেই। সব দলকে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে হবে। তিনি বলেন, ‘আমরা রাজনীতিবিদদের সম্মান করি। কিন্তু তাঁরা সে সম্মান ধরে রাখতে পারবেন কি না, সে বিষয়ে আমরা সন্দিহান।’
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান বলেন, ‘রাজনীতির ভয়াবহতা দেখেছি, কিন্তু এমন ভয়াবহতা দেখিনি।’ তিনি জানান, ঢাকা মহানগরে ৪৫০টি বিপণিবিতান আছে। এগুলোর খুবই দুরবস্থা। জ্বালাও-পোড়াও বন্ধ না হলে তাঁরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম খন্দকার, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।