সহিংসতায় অগ্রগতি ব্যাহত হতে পারে: গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, গত বছরের আর্থিক খাতের বেশির ভাগ সূচকের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা অগ্রগতির ধারাকে বাধাগ্রস্ত করতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সম্মেলনে গভর্নর গতকাল রোববার এ কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক আহমেদ জামাল। চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজর আল্লাহ মালিক কাজেমী, ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা, প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল, উপদেষ্টা গ্লেন টাসকি প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলন উদ্বোধনকালে আতিউর রহমান বলেন, দেশের বিনিয়োগে চাঙ্গাভাব, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী জোরালো ধারা, বৈদেশিক মুদ্রার মজুতে নতুন রেকর্ড এবং মূল্যস্ফীতির নিম্নমুখী ধারার বর্তমান পরিপ্রেক্ষিতে এই অস্থিরতা দুর্ভাগ্যজনক।
গভর্নর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ও ব্যাংকের শাখা পর্যায়ের অনিয়মকে অস্বস্তিকর বলে এসব বিষয়ের পুনরাবৃত্তি যাতে আর না ঘটে এবং ব্যাংকগুলো যেন গুণমানের ঋণ বিতরণ ও সময়মতো তা আদায় নিশ্চিত করে সেদিকে মহাব্যবস্থাপকদের নজর রাখার পরামর্শ দেন।