চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতায় চার খাতে প্রায় ৪৯ হাজার ১৮ কোটি টাকার ক্ষতি হয়েছে, যা মোট দেশজ আয়ের ৪ দশমিক ৭ শতাংশ। উল্লিখিত সময়ে দেশে ৫৫ দিন হরতাল ও অবরোধ পালিত হয়েছে।
আজ শনিবার বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অর্থনৈতিক এক পর্যালোচনায় এ তথ্য তুলে ধরা হয়।
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের তথ্য উপাত্তের ভিত্তিতে ‘বাংলাদেশ অর্থনীতি ২০১৩-১৪’ শিরোনামে রাজধানীর ধানমন্ডির সিপিডি কার্যালয়ে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন এ পর্যালোচনা তুলে ধরা হয়। এতে অর্থবছর শেষে ৫ দশমিক ৬ থেকে ৫ দশমিক ৮ শতাংশ জিডিপি (মোট দেশজ উত্পাদন) প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে। সিপিডি বলছে, জিডিপির নতুন ভিত্তি বছর হিসাবে এই প্রাক্কলন করা হয়েছে। তবে সম্প্রতি সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী চলতি অর্থবছর শেষে ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার কথা জানান।
অর্থবছরের প্রথমার্ধে চার খাতের আর্থিক ক্ষতির যে হিসাব সিপিডি তুলে ধরেছে, সেখানে রেল ও সড়ক যোগাযোগ খাতে ১৬ হাজার ৬৮৯ কোটি, কৃষি ও কৃষিজাত শিল্প খাতে ১৫ হাজার ৮২৯ কোটি, রপ্তানিমুখী বস্ত্রশিল্পে ১৩ হাজার ৭৫০ কোটি ও পর্যটন খাতে দুই হাজার ৭৫০ কোটি টাকার ক্ষতির চিত্র উঠে আসে। সিপিডির পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে ক্ষতির এই আর্থিক মূল্যায়ন তৈরি করা হয়েছে।
প্রবৃদ্ধির বর্তমান ধারাকে অব্যাহত রাখতে সুপারিশ
সিপিডি বলছে, জনপ্রত্যাশা ও অর্থনীতির শক্তির ভিত্তিতে উচ্চপ্রবৃদ্ধির যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, সেটি হারিয়ে গেছে। উচ্চপ্রবৃদ্ধির সেই সম্ভাবনা ফিরিয়ে আনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। পাশাপাশি প্রবৃদ্ধির বর্তমান ধারাকে অব্যাহত রাখতে হলে দ্রুত কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেগুলোর মধ্যে রয়েছে, বাজেটে নির্ধারিত সরকারের আয়-ব্যয়ের কাঠামো দ্রুততা ও বাস্তবতার ভিত্তিতে পুনর্নির্ধারণ করা, বোরো চাষ ও ক্ষতিগ্রস্ত গ্রামীণ অর্থনীতিকে সহায়তা, রপ্তানিমুখী শিল্পসহ রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতে সহায়তা এবং বিনিয়োগকে উত্সাহিত করতে নীতি অনিশ্চয়তা দূর করা।
বিনিয়োগ উত্সাহিত করার জন্য নীতি অনিশ্চয়তা দূর করতে হলে রাজনৈতিক, সামাজিক সমঝোতা প্রয়োজন বলে মত দেয় সিপিডি। সংস্থাটির মতে, রাজনৈতিক বিরোধীদের সঙ্গে আলোচনা না করে কোনো নীতি গ্রহণ করা হলে সেটির বাস্তবায়ন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা থেকে যায়। সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে রাজনৈতিক অনিশ্চয়তা কাটবে না।