সহিংসতায় নিহত ১৪ পরিবারকে সহায়তা দিল এফবিসিসিআই
সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় যাত্রীবাহী যানবাহনে নিক্ষিপ্ত পেট্রলবোমায় অগ্নিদগ্ধে নিহত ১৪ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
শুধু তা-ই নয়, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য এফবিসিসিআই কার্যালয়ে একটি পৃথক সেলও গঠন করা হয়েছে।
এফবিসিসিআইয়ের সম্মেলনকক্ষে গতকাল সোমবার নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে এ সহায়তা তুলে দেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ।
এ সময় সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, এফবিসিসিআইয়ের দুই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও হেলাল উদ্দিন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন বক্তব্য দেন।
কাজী আকরাম বলেন, ‘রাজনীতির নামে সাম্প্রতিক যে সহিংসতা চলেছে, তা খুবই নিন্দনীয় ও অসমর্থনযোগ্য। আমরা এর অবসান চাই।’ এফবিসিসিআইয়ের পরিচালকদের বিভিন্ন শিল্প-কারখানায় ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রত্যেক নিহতের পরিবারের সন্তানদের চাকরির ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে মনোয়ারা হাকিম আলী নিহতদের পরিবারের তিনটি সন্তানকে তাঁর মালিকানাধীন ইন্ট্রাকো গ্রুপে চাকরি দেওয়ার এবং নারীদের উপযুক্ত প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে নারী উদ্যেক্তা হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেন।
প্রসঙ্গত, ১২ জানুয়ারি সহিংসতায় আহত হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকা ২৯ জনকে ১০ হাজার টাকা এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ ও কম্বল বিতরণ করে এফবিসিসিআই।