সাংঘর্ষিক রাজনীতি এ দেশে বিনিয়োগের বড় দুর্বলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংঘর্ষিক রাজনীতি, সর্বব্যাপী দুর্নীতি, অবকাঠামোর অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও ঠিকমতো নীতির বাস্তবায়ন না হওয়াকে এ দেশে বিনিয়োগের ক্ষেত্রে দুর্বল দিক হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশে ব্যবসারত ও ভবিষ্যতে বিনিয়োগে আগ্রহী ডেনমার্কের ব্যবসায়ীরা।বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত এসভেন্ড ওলিং গতকাল রোববার এক সেমিনারে এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে এ সেমিনারের আয়োজন করে দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয়ের পলিসি রিসার্চ সেন্টার।অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামও সাংঘর্ষিক রাজনীতিকে এ দেশের অর্থনীতির জন্য বড় সমস্যা বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই রাজনীতির কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকাংশেই ব্যাহত হয়।’অনুষ্ঠানের বিশেষ অতিথি ডেনমার্কের রাষ্ট্রদূত নেতিবাচক দিকের পাশাপাশি এ দেশে বিনিয়োগের ক্ষেত্রে কয়েকটি ইতিবাচক দিকের কথাও উল্লেখ করেন। এগুলো হলো: শ্রমিকের কম মজুরি, শক্তিশালী ও স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বাংলাদেশের বিশাল জনসংখ্যা।সেমিনারে মির্জ্জা আজিজ বলেন, রাজনৈতিক সংঘাত যদি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ব্যাহত করে, তবে তা ব্যবসায়ের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।মির্জ্জা আজিজ বলেন, দেশে আইনগত ক্ষেত্রে এখনো অনেক সমস্যা রয়ে গেছে। ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় ১৫টি মামলা হয়েছিল। এখনো বিভিন্ন আদালতে এই মামলাগুলো ঝুলে আছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, রপ্তানি থেকে আয়, প্রবাসী-আয় ও বিদেশি সহায়তা—এই তিনটি হচ্ছে বৈদেশিক মুদ্রার মজুদের উৎস। বৈদেশিক সহায়তা দিন দিন কমতে থাকায় অন্য দুটির ওপর বেশি নির্ভর করতে হচ্ছে। তিনি জানান, এখন বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণ ৯৭০ কোটি ডলার। এটা দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিসার আহমেদ বলেন, ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া যৌক্তিকভাবে কমাতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষক শহিদুল ইসলাম বলেন, বিশ্বের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্ধেক আসছে উদীয়মান দেশগুলো থেকে। তাই আগের মতো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রকে বড় বাজার ধরে বসে না থেকে উদীয়মান বাজারগুলোতে লক্ষ করতে হবে। বাণিজ্য বাড়াতে শহিদুল শুধু ভারত ও নেপালের পাশাপাশি চীনের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং পূূর্ব এশিয়ার দেশগুলোতে বাজার বাড়াতে উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্চ সেন্টারের পরিচালক এম মনোয়ার হোসেন। দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আকবরউদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে কানাডার টরন্টোর ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক এম এ হোসেন, ডেইলি নিউজ টুডে-এর নির্বাহী সম্পাদক মাহবুব হোসেন খান প্রমুখ বক্তব্য দেন।