সাংবাদিকতায় সত্য যাচাইয়ে কোনো আপস নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)

কোনো রাজনৈতিক নেতার অপরাধ গুরুত্ব পায় না, যদি না সেখানে আর্থিক অনিয়ম ঘটে। সামনে নির্বাচন, সে জন্য এ সময়ে অর্থ পাচার, আর্থিক কেলেঙ্কারি বেশি গুরুত্ব পাবে। এ জন্য ব্যবসাবিষয়ক সাংবাদিকদের গুরুত্ব আরও বেশি। যাঁরা ব্যবসায়িক সাংবাদিকতার সঙ্গে যুক্ত, তাঁদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতার মানেও উন্নত হতে হবে।

ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও এশিয়া ফাউন্ডেশন আয়োজিত ‘ব্যবসায় সাংবাদিকতার ভবিষ্যৎ এবং ব্যবসায় সাংবাদিকতার নৈতিকতা ও শিষ্টাচার’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এমন মতামত দেন। এতে বক্তারা বলেন, সাংবাদিকতায় সত্য যাচাইয়ের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।

রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার ভবনে গতকাল শনিবার এই সভা হয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের দ্বিতীয় সচিব জাস্টিন হালপার্নসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক, বাণিজ্য সম্পাদক ও দুই আয়োজক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন। তিনি বলেন, ‘নৈতিকতার ক্ষেত্রে উন্নত বিশ্বে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আমাদের দেশে এ রকম লিখিত কিছু নেই। প্রতিষ্ঠানগুলো কেউ কেউ নিজেরা নজরদারিতে রাখে। তবে সেটা কতটা কার্যকর, সেটি একটি প্রশ্ন।’

মুক্ত আলোচনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক শাহ মো. আহসান হাবীব বলেন, গণমাধ্যমের সংবাদ জনগণের মধ্যে প্রত্যাশা তৈরি করে। এ জন্য সংবাদটি বিশ্বাসযোগ্য হওয়া খুবই জরুরি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। বক্তব্য দেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান, দ্য এশিয়া ফাউন্ডেশনের এ দেশীয় প্রতিনিধি কাজী ফয়সাল বিন সেরাজ প্রমুখ।