সাংহাই যেখানে বেইজিং থেকে পিছিয়ে আছে
লন্ডন ও নিউইয়র্কের মতো সাংহাইকে বিশ্বের অন্যতম বড় আর্থিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে চীন সরকার।তবে বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন, বিভিন্ন কারণে সাংহাই এখনো অনেক পিছিয়ে রয়েছে। এর অন্যতম বড় প্রতিবন্ধকতা হলো চীনের অর্থনীতির নীতি নির্ধারণ ও পরিচালনকারী গুরুত্বপূর্ণ সংস্থাগুলো মূলত রাজধানী বেইজিংয়ে অবস্থিত। একইভাবে স্থানীয় ও বিদেশি প্রধান ব্যাংকগুলোর মূল কার্যালয়ও প্রায় সবই রাজধানীকেন্দ্রিক। খবর রয়টার্স। চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) বাজারসংশ্লিষ্ট পরিচালনার প্রধান কার্যালয় সাংহাইতে থাকলেও এর গভর্নরসহ নীতিনির্ধারক কর্মকর্তারা সবাই বেইজিংয়ে থাকেন।কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ অনুশাখা দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেন এক্সচেঞ্জও বেইজিং। আর্থিক খাতের তিনটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা—চায়না ব্যাংকিং রেগুলেটরি কমিশন, চায়না ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন ও চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন রাজধানী বেইজিংয়ে অবস্থিত।কেন্দ্রীয় পরিকল্পনা সংস্থা হিসেবে পরিচিত দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনও রয়েছে বেইজিংয়ে। চারটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত ব্যাংক: ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না, চায়না কনস্ট্রাকশন ব্যাংক, ব্যাংক অব চায়না এবং অ্যাগ্রিকালচারাল ব্যাংক অব চায়না। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে জেপি মর্গান, ইউবিএস, ডয়েশ ব্যাংক ও গোল্ডম্যান স্যাক্সের কার্যালয় বেইজিংয়ে।অন্যদিকে চীনের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ সাংহাই স্টক এক্সচেঞ্জ রয়েছে সাংহাইতে। এ ছাড়া দেশটির বৃহত্তম পণ্য এক্সচেঞ্জ সাংহাই ফিউচারস এক্সচেঞ্জ, চায়না ফাইন্যান্সিয়াল ফিউচার্স এক্সচেঞ্জ, চায়না ফরেন এক্সচেঞ্জ ট্রেড সিস্টেম রয়েছে সাংহাইতে। আবার সিটিগ্রুপ, এইচএসবিসি হোল্ডিং, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও রয়েল ব্যাংক অব স্কটল্যান্ডের প্রধান কার্যালয় রয়েছে সাংহাইতে। তবে মর্গান স্ট্যানলি তাদের প্রধান কার্যালয় সাংহাই থেকে বেইজিংয়ে স্থানান্তর করেছে।