সাইকেল রপ্তানি আরও বেড়েছে
বাংলাদেশে তৈরি বাইসাইকেলের রপ্তানি কয়েক বছর ধরেই বাড়ছে। চলতি অর্থবছরে রপ্তানি আরও বাড়ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবির) হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এ দেশ থেকে পাঁচ কোটি ১৫ লাখ ডলারের বাইসাইকেল রপ্তানি হয়েছে। আগের বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল তিন কোটি ৭৮ লাখ ডলারের সাইকেল। এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় ৩৭ শতাংশ।
এই শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে মেঘনা গ্রুপ ছাড়াও জার্মান-বাংলা, আলিতা, নর্থবেঙ্গলসহ কয়েকটি প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে তাদের নিজস্ব কারখানায় গুণগতমানসম্পন্ন সাইকেল প্রস্তুত করছে। আর এসব সাইকেলই বিদেশে রপ্তানি হচ্ছে।
ইউরোপের দেশগুলোয় বাংলাদেশি সাইকেলের বড় বাজার গড়ে ওঠায় প্রতিবছরই উৎপাদন বাড়াচ্ছে প্রতিষ্ঠানগুলো। এমনকি বিদেশের খ্যাতনামা ব্র্যান্ডগুলো কার্যাদেশ দিয়ে এ দেশ থেকে তাদের সাইকেল তৈরি করে নিচ্ছে।
রপ্তানিকারকেরা জানান, বর্তমানে ফ্রিস্টাইল, মাউন্টেন ট্র্যাকিং, ফ্লোডিং, চপার, রোড রেসিং, টেন্ডমেড (দুজনে চালায়) নামের বাইসাইকেল রপ্তানি হচ্ছে। এসব সাইকেল তৈরির জন্য কিছু যন্ত্রাংশ দেশের বাইরে থেকে আমদানি করতে হলেও বেশির ভাগ যন্ত্রাংশই দেশে তৈরি হচ্ছে। বিশেষত চাকা, টিউব, হুইল, প্যাডেল, হাতল, বিয়ারিং ও আসন তৈরি করছে দেশীয় প্রতিষ্ঠানগুলো।