সাইফ পাওয়ারটেকের আইপিও অনুমোদন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাইফ পাওয়ারটেকের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন মঞ্জুর করেছে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসি জানিয়েছে, কোম্পানিটি আইপিওতে এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ৩৬ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ২০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। সংগৃহীত টাকা কোম্পানিটি নতুন ব্যাটারি তৈরি প্রকল্পে ব্যয় করবে।
বিএসইসি আরও জানায়, ২০১৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরসহ তার আগের পাঁচ বছরের শেয়ারপ্রতি আয় বা ইপিএসের গড় দাঁড়িয়েছে তিন টাকা এক পয়সা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।