সাইবার অপরাধ দমনে কেন্দ্রীয় সংস্থা গঠনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার অপরাধ দমন ও সাইবার নিরাপত্তা বাড়াতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি কেন্দ্রীয় সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে। এ-সংক্রান্ত প্রস্তাব খুব শিগগির অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।
বিটিআরসি গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দেশের আইনপ্রয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠান, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আরও নিবিড় যোগাযোগ এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করার সার্বিক উদ্যোগ নিয়েছে বিটিআরসি। ফেসবুক, টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলোসহ সাইবার অপরাধের ওপর নজরদারি জোরদার, সংঘটিত ঘটনা তদন্ত ও দোষীদের শনাক্ত করে এ-সংক্রান্ত অপরাধ দমনে কাজ করবে প্রস্তাবিত সংস্থাটি।
সাইবার অপরাধ নিয়ন্ত্রণে অনেক সময় বিটিআরসির কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায় না বলে যে অভিযোগ রয়েছে, সেই সম্পর্কে সংস্থার বক্তব্য সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে দেশের পুলিশসহ আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থার সঙ্গে বিটিআরসি সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে। বিদ্যমান জনবল ও কারিগরি সক্ষমতা দিয়ে বিটিআরসি সরকারের বিভিন্ন সংস্থা ও সাধারণ জনগণকে সহযোগিতা করছে।
উল্লেখ্য, পুলিশের মহাপরিদর্শক গত রোববার সাইবার অপরাধ দমন বিষয়ে বলেন, ‘ফেসবুক, টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত হলে বিটিআরসির সহযোগিতা নিতে হয় পুলিশকে। কিন্তু পুলিশের চাহিদা অনুযায়ী বিটিআরসি সহযোগিতা করতে পারে না। এ জন্য অনেক ক্ষেত্রে অপরাধীর পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।’
বিটিআরসি জানিয়েছে, তারা ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরাসরি নিয়ন্ত্রণ করে না।
এদিকে ফিল্টারিং পদ্ধতিতে ইন্টারনেটের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের জন্য বিটিআরসির পাঠানো একটি প্রস্তাবনা এখন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।