>

সম্প্রতি ব্যাংক খাতে কার্ড জালিয়াতির যে ঘটনা ঘটেছে, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বেসরকারি ইস্টার্ন ব্যাংকের বেশ কিছু গ্রাহক। এরই মধ্যে সেসব গ্রাহককে ক্ষতিপূরণ দিয়েছে ব্যাংকটি। ব্যাংক খাতের এ জালিয়াতি, প্রতিরোধের উপায়, ব্যাংকারদের সম্পৃক্ততা, দেশে-বিদেশে গ্রাহকের স্বার্থ সুরক্ষা ইত্যাদি বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার
প্রথম আলো: সম্প্রতি ব্যাংক খাতে কার্ড জালিয়াতির বেশ কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনা ব্যাংক খাতে কী ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেন?
আলী রেজা ইফতেখার: প্রথমেই একজন ব্যাংকার হিসেবে কার্ড জালিয়াতির ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা আমাদের কারও প্রত্যাশিত নয়। তবে সাম্প্রতিক কার্ড জালিয়াতির যেসব ঘটনা ঘটেছে, সেগুলো একদিকে ব্যাংক খাতের জন্য হুমকি, অন্যদিকে একধরনের সম্ভাবনাও। হুমকিটা এ কারণে যে এ ধরনের ঘটনায় গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাঁদের মনে একধরনের শঙ্কা তৈরি হয়েছে। আর সম্ভাবনার দিকটি হলো, এ ধরনের ঘটনা আমাদের প্রযুক্তিগত দুর্বলতার দিকটিকে সামনে নিয়ে এসেছে। প্রযুক্তির যে প্রতিনিয়ত হালনাগাদ করার প্রয়োজনীয়তা রয়েছে, সেটিকে বড় করে তুলেছে। ব্যাংকার হিসেবে আমরা বুঝতে পারছি, আমরা যেসব প্রযুক্তি ব্যবহার করি, সেগুলোকে প্রতিনিয়ত হালনাগাদ করতে হবে। গ্রাহকের স্বার্থ সংরক্ষণে প্রযুক্তিগত যেসব নিরাপত্তাব্যবস্থা রয়েছে, সেগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকায়ন করতে হবে।
প্রথম আলো: প্রযুক্তি হালনাগাদ ও আধুনিকায়ন করলেই কি এ ধরনের জালিয়াতি বন্ধ হয়ে যাবে?

আলী রেজা ইফতেখার: এ নিশ্চয়তা পৃথিবীর কোথাও কেউ দিতে পারবে না। এটা কখনো পুরোপুরি বন্ধ হবে না। পৃথিবীজুড়ে কখনোই ‘স্কিমিং’ শূন্যে নামিয়ে আনা যাবে না। তবে কিছু নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করলে জালিয়াতির পরিমাণ হয়তো কমে আসবে। অন্যভাবে যদি বলি, ব্যাংকিং খাতে মন্দ ঋণ (নন পারফর্মিং লোন—এনপিএল) কখনো শূন্যে নামিয়ে আনা সম্ভব না। যদি এনপিএল নিম্নতম একটি স্তরে রাখা যায়, তাহলে তা গ্রহণযোগ্য মাত্রা হিসেবে বিবেচিত হয় ব্যাংক খাতে। ঠিক তেমনি জালিয়াতির ঘটনাকে যদি কমিয়ে নিম্নতম পর্যায়ে সীমাবদ্ধ রাখা যায়, তাহলেও তা গ্রহণযোগ্য মাত্রা হিসেবে ধরে নেওয়া হবে। পৃথিবীজুড়েই ব্যাংক খাতে জালিয়াতির ঘটনা ঘটছে। যেসব দেশ প্রযুক্তির দিক থেকে আমাদের চেয়ে অনেক এগিয়ে, সেসব দেশেও এ ধরনের ঘটনা ঘটে।
প্রথম আলো: কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি, জালিয়াতির সঙ্গে ব্যাংকাররা জড়িত। গ্রাহকের অর্থের সুরক্ষার দায়িত্বে যাঁরা জড়িত, তাঁরা যদি জালিয়াতির সঙ্গে জড়িয়ে পড়েন, তাহলে গ্রাহকেরা ভরসা পাবেন কীভাবে?
আলী রেজা ইফতেখার: জালিয়াতির ঘটনা যেমন আমাদের ব্যাংক খাতের জন্য দুঃখজনক, তার চেয়েও বেশি দুঃখজনক এ ধরনের ঘটনায় ব্যাংকারদের জড়িত থাকার অভিযোগ। আর্থিক ক্ষতির চেয়েও আমাদের জন্য এটি অনেক বেশি বেদনার ও কষ্টের। পুলিশের ভাষ্য ও পত্রপত্রিকার খবর থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, তাতে তিনজন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের ‘অভিযোগ’ পাওয়া গেছে। এ ধরনের ঘটনায় ব্যাংকারদের কোনো চক্র যদি থেকে থাকে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার উচিত চক্রটিকে সমূলে উৎপাটন করা। তবে এটাও আমরা চাই না যে দুষ্ট চক্রকে ধ্বংস করতে গিয়ে কোনো নিরীহ ব্যাংকার কোনো ধরনের হয়রানির শিকার হোক। যেসব ব্যাংকার অন্যায়ের সঙ্গে জড়িত, তাঁদের প্রতি আমাদের ন্যূনতম কোনো সহানুভূতি নেই। কিন্তু তাঁদের কারণে যাতে সাধারণ কোনো ব্যাংকার হয়রানির শিকার না হন, সেটিও মাথায় রেখে কাজ করতে হবে।
প্রথম আলো: জালিয়াতি প্রতিরোধে অনেক ব্যাংকই এককভাবে অনেক ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। নতুন করে অনেকে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু পুরো ব্যাংকিং খাত বা ব্যবস্থাটি কতটা প্রতিরোধক করে গড়ে তোলা হচ্ছে।
আলী রেজা ইফতেখার: যদি পুরো খাতটিকে হালনাগাদ ও আধুনিকায়ন করা না যায়, তাহলে একটি-দুটি ব্যাংক যা কিছুই করুক তার সুফল মিলবে না। পুরো ইকো সিস্টেমটাকে একসঙ্গে পাল্টাতে হবে। আমি হয়তো আমার ব্যাংকের প্রযুক্তি বা সিস্টেমকে হালনাগাদ করতে পারি কিন্তু অন্য ব্যাংকের প্রধান নির্বাহীদের বাধ্য করার ক্ষমতা আমার নেই। পুরো খাতটির স্বার্থে বড়জোর সবাইকে অনুরোধ করতে পারি। কার্ড থেকে শুরু করে এটিএম (অটোমেটেড টেলার মেশিন), পয়েন্ট অব সেল (পিওএস—পস), ডেটা বা তথ্য আদান-প্রদানের সঙ্গে জড়িত ব্যবস্থা—সবকিছুতে একসঙ্গে জালিয়াতি প্রতিরোধক ব্যবস্থা বা প্রযুক্তি হালনাগাদ করতে হবে। যত দ্রুত সম্ভব একসঙ্গে এ কাজটি করতে হবে। তাহলে স্কিমিং হওয়ার প্রবণতা বা জালিয়াতির ঘটনা অনেক কমে যাবে।
প্রথম আলো: শুরুতে আমরা জেনেছি, এটিএম বুথে জালিয়াতির ঘটনা ঘটেছে। এখন যত দিন যাচ্ছে নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে। পিওএস মেশিনেও জালিয়াতি ঘটেছে। এমনকি বিদেশি ব্যাংক ও গ্রাহকের কার্ডে জালিয়াতি করে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এই অবস্থায় গ্রাহকের নিরাপত্তাটা কোথায়?
আলী রেজা ইফতেখার: গ্রাহকের সচেতনতাটাও খুবই গুরুত্বপূর্ণ। একটা সময় ছিল যখন ব্যাংকের লেনদেনে চেকের ব্যবহারটা বেশি হতো। তখন কিন্তু মানুষ চেকবই খুব যত্নসহকারে রাখত। এখন আস্তে আস্তে কার্ডে লেনদেনের পরিমাণ বাড়ছে। চেকের মতো কার্ডটাও লেনদেনের একটি মাধ্যম। তাই এটির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ব্যবহারকারীরও রয়েছে। তাই গ্রাহকদের উদ্দেশে বলব, কখনো কার্ডের গোপন পিন নম্বরটি কারও সঙ্গে শেয়ার করবেন না। যেখানেই কার্ডটি ব্যবহার করেন না কেন, ব্যবহারের ক্ষেত্রে নিজেরা একটু সতর্ক থাকবেন। তারপরও যদি মোবাইলের খুদে বার্তা বা এসএমএসের মাধ্যমে জানতে পারেন, আপনার কার্ড আপনার কাছে থাকা অবস্থায়
আপনার হিসাব থেকে টাকা তুলে নেওয়া হয়েছে, তাহলে সময়ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব ব্যাংককে তা জানানো উচিত। এ ক্ষেত্রে আমি
বলব, ব্যাংক ও গ্রাহকদের দুই ধাপের সতর্কতা দরকার। প্রথমটি জালিয়াতির ঘটনা যাতে না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা। দ্বিতীয়টি দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ত্বরিত ব্যবস্থা নেওয়া।
প্রথম আলো: এখন তো বিদেশেও বাংলাদেশি কার্ডের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। সে ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি কীভাবে নিশ্চিত করা সম্ভব?
আলী রেজা ইফতেখার: যখনই আমাদের কোনো গ্রাহক দেশের বাইরে যান, তখন তাঁরা কার্ডটির আর্থিক সীমা বৈদেশিক মুদ্রায় রূপান্তর করে নিয়ে যান। এ ধরনের গ্রাহক দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে তিনি কোন দেশে কত দিনের জন্য যাচ্ছেন, এসব তথ্য আমরা সংগ্রহ করে থাকি। কোনো কোনো গ্রাহক তাতে বিরক্তি বোধ করেন। কিন্তু গ্রাহকের কার্ডের নিরাপত্তার স্বার্থেই ব্যাংকগুলো এ কাজ করে থাকে। যদি গ্রাহকেরা তাঁর গন্তব্য ও অবস্থানের সময়সীমা ব্যাংককে জানিয়ে যান, সে ক্ষেত্রে ওই কার্ডটি পর্যবেক্ষণে রাখতে ব্যাংকের সুবিধা হয়। ধরা যাক, কোনো গ্রাহক যদি আমাদের জানিয়ে যান, তিনি মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর যাচ্ছেন। পরে যদি আমরা দেখি, তাঁর কার্ডে অন্য কোনো দেশে লেনদেন হচ্ছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কার্ডটিকে নিষ্ক্রিয় করে দেওয়ার সুযোগ থাকে। এতে করে গ্রাহক বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন। এসব ক্ষেত্রে কার্ড ব্যবহারের বিষয়ে গ্রাহককেই সর্বাধিক সতর্কতা অবলম্বন করতে হবে।
প্রথম আলো: পৃথিবীজুড়েই সাইবার অপরাধের ঘটনা বাড়ছে। কার্ড জালিয়াতির মধ্য দিয়ে আর্থিক খাতে এ ধরনের অপরাধের বিষয়টি বড় হয়ে এসেছে। এ ধরনের অপরাধ মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত?
আলী রেজা ইফতেখার: বাংলাদেশ ধীরে ধীরে যত উন্নতি করবে, সাইবার অপরাধের ঘটনাও তত বাড়বে। কারণ, তখন আন্তর্জাতিক জালিয়াত চক্রের বাড়তি নজর পড়বে এ দেশে। নানা কারণে এখনো হয়তো আর্থিক খাতে এ নজর মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছায়নি। কিন্তু ভবিষ্যতে দেশের উন্নতির সঙ্গে সঙ্গে এ ধরনের ঝুঁকিও বাড়বে। তাই এখনই এ ধরনের সাইবার অপরাধ প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতির সময়। এটি করতে গেলে খুবই দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল দরকার। সেটি তৈরি করতে হবে এখনই। ব্যাংকিং খাতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীতে এ ধরনের দক্ষ জনবল বাড়াতে হবে। প্রযুক্তির অগ্রগতি একটি ধারাবাহিক বিষয়, সেটির সঙ্গে আমাদের সবাইকে তাল মিলিয়ে চলতে হবে।
সাক্ষাৎকারটি নিয়েছেন সুজয় মহাজন