সাইবার আক্রমণ শনাক্ত করার ব্যবস্থা দুর্বল বাংলাদেশে

কানাডাভিত্তিক সাইবার নিরাপত্তাবিষয়ক পরামর্শ সেবাদাতা প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়াংয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফাহাদ কবির। সাইবার নিরাপত্তা-সংক্রান্ত এক সম্মেলনে যোগ দিতে সম্প্রতি ঢাকা এসে কথা বলেন প্রথম আলোর সঙ্গে। তাঁর সাক্ষাৎকারটি নেন সুজয় মহাজন
প্রশ্ন: বিশ্বজুড়ে সাইবার ঝুঁকিও বাড়ছে। কেন এই ঝুঁকি বাড়ছে বলে মনে করেন।
ফাহাদ কবির: সারা বিশ্বে সাইবার নিরাপত্তা এখন বড় হুমকি। বিশেষ করে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য এ হুমকি আরও বেশি। এ ধরনের হুমকি মোকাবিলায় সবার আগে তা শনাক্ত করার মতো ব্যবস্থা থাকা দরকার। এখন ইন্টারনেটে সাইবার থ্রেড ম্যাপ বা মানচিত্র রয়েছে, যেখানে সরাসরি দেখা যায় কোথায় হামলাগুলো হচ্ছে। বাংলাদেশেও সব সময় নানা ধরনের সাইবার হামলা হলেও সাইবার থ্রেড বা মানচিত্রে কিন্তু সেটি খুব একটা আসে না। কারণ, সাইবার আক্রমণ শনাক্ত করার জন্য যেসব উপাদান লাগে সেগুলো বাংলাদেশে নেই। এ জন্য এখানে তা শনাক্ত হচ্ছে না।
প্রশ্ন: তাহলে এখন বাংলাদেশের করণীয় কী?
ফাহাদ কবির: সাইবার আক্রমণ থেকে নিজেদের নিরাপদ রাখতে হলে প্রথমেই সাইবার নিরাপত্তা কর্মসূচি নিতে হবে। এর ফলে নিজেদের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং প্রতিকারের ব্যবস্থা নেওয়া সহজ হবে। বিশেষ করে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সাইবার ঝুঁকি পরিমাপ করা খুবই জরুরি। এ জন্য নিয়ন্ত্রক সংস্থাকে আইনি বাধ্যবাধকতা আরোপ করতে হবে। এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সাইবার নিরাপত্তা কর্মসূচি ও নিয়মিত সাইবার নিরাপত্তা নিরীক্ষার ব্যবস্থা চালু করবে।
প্রশ্ন: বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাইবার আক্রমণের তথ্য গোপন করার প্রবণতা দেখেছি। এটি কতটা যৌক্তিক?
ফাহাদ কবির: উন্নত দেশগুলোতে যখনই কোনো প্রতিষ্ঠান সাইবার আক্রমণের শিকার হয় এবং সাধারণ মানুষের তথ্য চুরি হলে তা সরকারকে তাৎক্ষণিকভাবে জানাতে হয়। সে জন্য তথ্য লুকানো সম্ভব হয় না। এখন বাংলাদেশেও এ ধরনের একটি আইনি বিধান থাকা দরকার।
প্রশ্ন: নিউইয়র্ক ফেড থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ সরিয়ে নেওয়া হয়েছে, সেটি কীভাবে সম্ভব হলো?
ফাহাদ কবির: বিশ্বজুড়েই আর্থিক খাতে বড় বড় সাইবার হামলার ক্ষেত্রে প্রিভিলেজ আইডি (প্রধান ব্যবহারকারী) ব্যবহার করে লেনদেন সম্পন্ন করা হয়। সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিস্টেম আইডি বা ব্যবহারকারী আইডি থাকে। সাইবার হামলাকারীরা সেসব আইডি ব্যবহার করেই ঘটনাটি ঘটায়; যাতে তা নিয়ে কোনো সন্দেহ তৈরি না হয়। সেটিই হয়েছে হয়তো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বেলায়।